দেশে স্থানীয় সরকারব্যবস্থার ক্রমাবনতি ও দুরবস্থার বিষয়ে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধি—সবার একই মত। স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের অর্জন সম্পর্কে অভিজ্ঞতা ও মতামত বিনিময়-সংক্রান্ত সেমিনারে তাঁরা এই মত দেন।
রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার ওই সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান তাঁর ৪৮ বছরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার ক্রমে দুর্বল হচ্ছে। কিন্তু স্থানীয় সরকার নিয়ে সুন্দর সুন্দর গবেষণা হচ্ছে। স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নে অনেক প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প থেকে সুফল যে কিছুই পাওয়া যাচ্ছে না, তা নয়। তবে প্রশ্ন হলো, তা যথেষ্ট কি না।
সেমিনারে সুনামগঞ্জের দিরাই উপজেলার তরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক তালুকদার বলেন, স্থানীয় সরকার দেশের সংবিধান-স্বীকৃত একটি ব্যবস্থা হলেও তা চলছে আসলে দয়ার ওপর। আইন স্থানীয় সরকারের যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগের সুযোগ তার নেই। সরকার যে বাজেট বরাদ্দ করে, তার সব স্থানীয় সরকারের হাতে পৌঁছায় না। নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করার ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে। এসব কারণে স্থানীয় সরকারব্যবস্থা এগোচ্ছে না। বরং পেছাচ্ছে।
সেমিনারে প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, স্থানীয় সরকার নিয়ে এত গবেষণা হয়েছে যে তাঁর কাছেই দেশি-বিদেশি গবেষকদের প্রণীত ১৫-১৬ খানা গবেষণাগ্রন্থ রয়েছে। কিন্তু এসব গবেষণার আলোকে স্থানীয় সরকারব্যবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সরকারের নানা সিদ্ধান্ত কীভাবে স্থানীয় সরকারব্যবস্থার ক্ষতি করে, তা-ও তিনি পেশাগত জীবনে দেখেছেন। তিনি বলেন, বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত একই দলের থাকবে।
‘লার্নিং শেয়ারিং সেমিনার অন স্ট্রেনদেনিং লোকাল গভর্নমেন্ট’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক ও দ্য হাঙ্গার প্রজেক্ট। সংস্থা দুটি চারটি জেলার ১৪টি উপজেলার ৬১টি ইউনিয়ন পরিষদে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। তার ফল সম্পর্কে অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়ের জন্যই এই সেমিনার।
ব্র্যাকের অন্যতম পরিচালক আন্না মিন্জ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সার্বিক বিবেচনায় শক্তিশালী হয়ে যাতে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, সেটাই এই প্রকল্পের লক্ষ্য। পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি ‘সক্রিয় নাগরিক গ্রুপ’ গড়ে তোলা, যারা স্থানীয় সরকারকে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন দ্য হাঙ্গার প্রজেক্টের দেশীয় পরিচালক ও আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রকল্প এলাকায় সমীক্ষা চালিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেন, যা সেমিনারে উপস্থাপন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পভুক্ত ওই ৬১টি ইউপি এলাকায় মোট তিন লাখ ৫২ হাজার ৯৪১ জনকে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারের উন্নয়নমূলক কাজে কোনো না কোনোভাবে যুক্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী বলেন, তিনি পেশাগত জীবনে যেমন দেখেছেন স্থানীয় সরকার বিষয়টি এখন তার চেয়েও জটিল হয়েছে। প্রকল্প অব্যাহত রাখতে হবে এবং স্থায়ী সুফল পেতে হলে একসঙ্গে সারা দেশে চালাতে হবে।
সেমিনারে প্রকল্পভুক্ত ইউপিগুলোর কয়েকজন চেয়ারম্যান, কয়েকজন সদস্য, স্বেচ্ছাসেবী ও তথ্যবন্ধুসহ ১৯ জন এবং বাসদের নেতা রাজেকুজ্জামান রতন বক্তব্য দেন।