স্থানীয় সরকারমন্ত্রীর উপস্থিতিতে দলীয় লোকজনের ধাক্কাধাক্কি
চট্টগ্রাম ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর সামনেই মঞ্চে ধাক্কাধাক্কি করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রোববার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন স্থাপন উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রচারপত্রে বন ও পরিবেশমন্ত্রী মো. হাছান মাহমুদের নাম না থাকায় দলীয় নেতা-কর্মীরা মঞ্চে উঠে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে তাঁদের বাধার কারণে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে মঞ্চ থেকেই নেমে যেতে হয়। অথচ ওই অনুষ্ঠানের তিনি ছিলেন সভাপতি। দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশমন্ত্রী মো. হাছান মাহমুদ মঞ্চে আসেন। এ সময় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সামসুদ্দোহা সিকদার ওরফে আরজুর নেতৃত্বে একদল যুবক মঞ্চের বাঁ পাশে বসা ওয়াসার কর্মকর্তাদের কাছে জানতে চান, কেন প্রচারপত্রে হাছান মাহমুদের নাম নেই? মন্ত্রীকে এখানে কে আসতে বলেছে ইত্যাদি। একপর্যায়ে তাঁরা মঞ্চে উঠে চিৎকার করতে থাকেন এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে মঞ্চ থেকে নেমে যাওয়ার দাবি জানান। একপর্যায়ে কে সামনে থেকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে তাঁরা বিভক্ত হয়ে হাতাহাতিও শুরু করে দেন।অনুষ্ঠান শুরু হলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ স্বাগত বক্তব্য দেন। বক্তব্য শেষে নিজ চেয়ারে বসতে চাইলে যুবলীগের নেতারা তাঁকে আর চেয়ারে বসতে দেননি। ফলে বাধ্য হয়ে মঞ্চ থেকে নেমে যান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান প্রচারপত্রে হাছান মাহমুদের নাম না থাকায় দুঃখ প্রকাশ করেন। তবে হাছান মাহমুদ এ নিয়ে কোনো কথা বলেননি। অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি, হাছান মাহমুদ ও সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য দেন স্থানীয় পোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। তিনি মঞ্চে উঠেই বলেন, ‘প্রচারপত্রে হাছান মাহমুদের নাম নেই কেন? আমরা স্থানীয় সরকারমন্ত্রীকে সাহায্য করতে আসিনি। প্রকল্পের জন্য আমরা জমি দিয়েছি, তার বাজারমূল্য অনেক বেশি। অথচ এর বিনিময়ে এলাকার লোকজন চাকরি পায়নি। আমরা বাড়তি মূল্যও পাইনি।’ চট্টগ্রাম ওয়াসার প্রকল্প সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী চান এ প্রকল্পের কাজ দ্রুত শেষ হোক। অনেকে জাল দলিল ও সনদ নিয়ে এ প্রকল্পে কাজ পেতে চেয়েছিল। আমি তাদের সুযোগ দিইনি। আমাদের দেশে কাজ করা খুবই কঠিন। ঠিকাদারদের কোনো নীতিই নেই। সঠিক তদারকি না থাকলে কাজের মান খুবই নিচু হয়।’ তিনি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এলাকার লোকজন প্রকল্পের জন্য জমি না দিলে চট্টগ্রামের ৫০ লাখ মানুষের কী অবস্থা হতো, তা ভাবা যায় না।বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে পাইপলাইন স্থাপনের কাজ শেষ হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাইকার প্রধান টাকাও টোডা, জাপানি দূতাবাসের মিনিস্টার হিরো ইউকি মিনামি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। জানা যায়, এক হাজার ৫১০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।