স্থানীয় সরকারের অর্থায়নে স্বাধীন কমিশন গঠন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকারগুলোর অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী স্বাধীন কমিশন গঠন করা জরুরি। ওই কমিশন স্থানীয় সরকারগুলোর অর্থবিষয়ক বিভিন্ন নীতি নির্ধারণ করবে এবং তা বাস্তবায়নে সরকারকে পরামর্শ দেবে।গতকাল শনিবার ‘স্থানীয় সরকারের অধীনে উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সংলাপের আয়োজন করে। সংলাপে অংশগ্রহণকারীরা প্রচলিত বিধিমালার সঠিক প্রয়োগ ও স্থানীয় সরকারের জন্য সংসদে আলাদা বাজেট প্রণয়নেরও সুপারিশ করেন। অনুষ্ঠানের সভাপতি অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, স্থানীয় সরকারের তহবিল বাড়ানোর ওপর জোর দিতে হবে। তিনি বলেন, একটি এনজিও প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ পায়। সর্বজনীন কাজের জন্য স্থানীয় সরকারেরও অর্থপ্রাপ্তিতে বাধা থাকা উচিত নয়। সংলাপে মূল প্রবন্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, জাতীয় বাজেটের অতি নগণ্য অংশই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে খরচ হয়। ২০১০-১১ অর্থবছরে সব সিটি করপোরেশনের জন্য বরাদ্দ ছিল ১২০ কোটি টাকা, যা বার্ষিক বাজেটের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ। আইভী বলেন, ‘আমরা যদি নর্দমা এবং রাস্তার জন্য ব্যাংক থেকে ঋণ নিই, সেই ঋণ কখনো শোধ করা যাবে না। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে নির্বাচিতদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়।’ স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, স্থানীয় সরকার উন্নয়ন কার্যক্রমে অর্থায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু বণ্টনে। সংলাপ সঞ্চালনা করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নিয়ে সাংসদ গোলাম মাওলা বলেন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা কাবিখা, কাবিটা, টিআর এগুলো অপচয় ও চুরি বাড়ায়। সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নগর স্থানীয় সরকার ও গ্রামীণ স্থানীয় সরকারের মধ্যে বৈষম্য রয়েছে। বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংসদদের এলাকায় করার মতো অন্য অনেক কাজ আছে। স্থানীয় সরকারে ভূমিকা রাখার ক্ষমতা না দিলে ক্ষতি নেই। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, তিনি ২৪২টা উপজেলা ও ৪৪০টি ইউনিয়ন ঘুরে দেখেছেন, যেখানে স্থানীয় সরকারে বিরোধীদলীয় জনপ্রতিনিধি, সেখানে বরাদ্দ প্রায় যায়ই না।জাতিসংঘ উন্নয়ন তহবিলের স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, সরকার টাকা দিচ্ছে, উন্নয়নকাজও হচ্ছে, কিন্তু তা দৃশ্যমান কি না সেটা দেখা দরকার। কলামিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে গুরুত্ব না দিলে সমস্যার সমাধান হবে না। অনুষ্ঠানে সাংসদ ফজলুল আজিম, মনোয়ার হোসেন, সাবেক সাংসদ এস এম আকরাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেরিনা রহমান খান, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র রাশেদা আক্তার, সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।