স্থানীয় সরকারের পদে পদে অনিয়ম-দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক সেন্টারে গতকাল টিআইবি আয়োজিত ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বাঁ থেকে ইফতেখারুজ্জামান, সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, প্রতিমন্ত্রী মসিউর রহমান, এম হাফিজউদ্দিন খান, জারিনা রহমান খান ও তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো
ব্র্যাক সেন্টারে গতকাল টিআইবি আয়োজিত ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বাঁ থেকে ইফতেখারুজ্জামান, সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, প্রতিমন্ত্রী মসিউর রহমান, এম হাফিজউদ্দিন খান, জারিনা রহমান খান ও তোফায়েল আহমেদ l ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার খাতে পদে পদে অনিয়ম ও দুর্নীতি৷ প্রকল্প ও বিশেষ বরাদ্দ পাওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে ঘুষ দিতে হয় প্রকল্পভেদে ১০ শতাংশ পর্যন্ত। উন্নয়নকাজের কার্যাদেশ পেতে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা জোটের নেতা-কর্মীদের বরাদ্দের ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়৷ গতকাল রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ব্যাপক পরিমাণে অনিয়ম ও আর্থিক দুর্নীতি হয়ে থাকে।
প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক ফারহানা রহমান ও সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রবিউল ইসলাম। তাঁরা জানান, গবেষণার মেয়াদ ছিল ২০১৩ সালের মে থেকে চলতি মাস পর্যন্ত।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় স্থানীয় সরকার বিশেষজ্ঞরাও স্থানীয় সরকারের বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা তুলে ধরেন। টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান, সালাউদ্দিন এম আমিনুজ্জামান, তোফায়েল আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজ চলাকালে ও বিল উত্তোলনের জন্য ঠিকাদারদের কাছ থেকে কার্যাদেশ মূল্যের ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ঘুষ আদায় করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এই হার ৮ দশমিক ৫ শতাংশ থেকে ১০ দশমিক ৫ শতাংশ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কার্যাদেশ বিক্রিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করা হয়।
নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য কমানোর প্রকল্প-ইউপিপিআরের বরাদ্দ আসার পর মেয়র, নির্বাহী প্রকৌশলী ও টাউন ম্যানেজারের যোগসাজশে কেটে রাখা হয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত অর্থ৷ দ্বিতীয় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের নকশা প্রণয়নে সহায়তার জন্য উপজেলা প্রকৌশলীকে বরাদ্দের ২ থেকে ৩ শতাংশ দিয়ে দিতে হয়। টিআর ও কাবিখার বরাদ্দ ও বিলের টাকা ছাড় করাতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘুষ দিতে হয় টনপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকা। ঢাকা সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীদের কাজে অবহেলার সুযোগ নিয়ে জনপ্রতি গড়ে ২২৫ টাকা কেটে রাখা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।
পৌরসভার মেয়রদের সম্মানী বৃদ্ধির জন্য স্থানীয় সরকার বিভাগে ২০ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পৌরসভার পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।
সেবা খাতে ঘুষ: টিআইবির জাতীয় খানা জরিপ-২০১২-এর তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সেবার ধরনভেদে খানাপ্রতি বিভিন্ন হারে অর্থ দিতে হয়। এর মধ্যে বিচার ও সালিসের জন্য গড়ে খানাপ্রতি চার হাজার ৫২১ টাকা, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে খানাপ্রতি এক হাজার ৪৮ টাকা, ট্রেড লাইসেন্সের জন্য ৪৫৬ টাকা, সনদ সংগ্রহের জন্য ৯৪ টাকা এবং হোল্ডিং বা চৌকিদারি করের জন্য খানাপ্রতি ২৬০ টাকা অবৈধভাবে অর্থ দিতে হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংশোধিত বাজেটে স্কিম গ্রহণে দলীয় প্রভাব, চেয়ারম্যান ও মেয়রদের একচ্ছত্র আধিপত্য দেখা যায়। প্রকল্প গ্রহণে মন্ত্রী ও সাংসদের হস্তক্ষেপ থাকে। যেসব স্থানে বিরোধীদলীয় জনপ্রতিনিধি আছেন, সেখানে উন্নয়ন বরাদ্দ কম দেওয়া হয়। এলজিইডি ও জেলা পরিষদে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নিয়ম ভেঙে গাড়ি ব্যবহার করেন। এ রকমভাবে বিভিন্ন ধরনের অনিয়ম হয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে।
প্রতিবেদনে স্থানীয় সরকারের বিভিন্ন সীমাবদ্ধতার চিত্র তুলে ধরে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচনের সময় নির্ধারণ ও তফসিল ঘোষণার সিদ্ধান্ত কে গ্রহণ করবে, তা নির্ধারিত নেই। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠার ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে সাংসদের উপদেষ্টা রাখা, প্রয়োজনের তুলনায় স্বল্প জনবল, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ঘাটতিসহ বেশকিছু সীমাবদ্ধ রয়েছে।
সুপারিশ: প্রতিবেদনে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আইন সংশোধন করে তৃণমূল পর্যায়ে কর্মকাণ্ড বাস্তবায়নে সাংসদদের সম্পৃক্ততা বন্ধ; প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের সুষম বণ্টনসহ ১৮টি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে, ক্রয় কমিটিতে স্থানীয় সচেতন জণসাধারণের অংশগ্রহণ, নাগরিক সনদ হালনাগাদ করা, রসিদের মাধ্যমে সব লেনদেন ও কর ব্যবস্থাপনা ডিজিটাল করা।
বক্তারা যা বলেন: প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান বলেন, স্থানীয় সরকারের বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে বর্তমান সরকার স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে অঙ্গীকারবদ্ধ। এ জন্য তিনি সবার সহযোগিতা চান।
সভাপতির বক্তব্যে এম হাফিজউদ্দিন খান স্থানীয় সরকার কমিশন করার ওপর জোর দেন। অধ্যাপক জারিনা রহমান খান বলেন, স্থানীয় সরকার রাখলে আইন মানতে হবে৷ স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ গবেষণা প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিভিন্ন কাজের মোটামুটি ৫০ শতাংশ টাকা চলে যায়। বাকি ৫০ শতাংশও কী হচ্ছে, তাও জানি না।’ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্থানীয় সরকারের ক্ষমতায়নের কথা বলা হয়, কিন্তু বাস্তবে ক্ষমতায়ন হয়নি।
মুক্ত আলোচনায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।