স্থানীয় সরকারের সেরা নির্বাচন: আ.লীগ
অতীতের যেকোনো স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এবারের পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। এর জন্য নির্বাচন কমিশন, সরকার ও বিএনপিসহ সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়েছে দলটি। একই সঙ্গে সবাইকে ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার দিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলের বক্তব্য তুলে ধরেন। এর আগে সকালে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও দুপুরে মাহবুব উল আলম হানিফ আরও দুই দফা ভোটের সর্বশেষ পরিস্থিতি ও বিএনপির অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। প্রতিবারই নেতারা বলেছেন, ভোট প্রত্যাশা অনুযায়ী শান্তিপূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি দল সকাল থেকে নির্বাচন কমিশনে অবস্থান করে নানা অভিযোগ দেন।
সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ১৫৭টি পৌরসভায় কম-বেশি অনিয়মের অভিযোগ করেছে। আসলে এসব পৌরসভায় তারা জিততে পারবে না জেনে ফলাফলকে বিতর্কিত করতেই পুনর্নির্বাচনের দাবি করেছে। কিছু কিছু স্থানে বিএনপি-জামায়াত ও প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকার কারণে তাদের এ চক্রান্ত ব্যর্থ হয়েছে। এ জন্য নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
হানিফ আরও বলেন, নির্বাচন, নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির মূল উদ্দেশ্য। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তারা। অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছিল তারা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবে। কিন্তু সব ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায় তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে বাধ্য হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ।
এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে, এর ফলাফল আমরা এখনো জানি না। তবে এ নির্বাচনের ফলাফলের মাধ্যমে প্রমাণ হবে, দেশবাসী উন্নয়নের পক্ষে আছে না সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের পক্ষে। নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, আমরা মেনে নিতে প্রস্তুত আছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অংশগ্রহণকারী সব দলকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিভিন্ন বেসরকারি টেলিভিশনে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট ছিনতাইসহ নানা অনিয়ম নিয়ে যেসব সংবাদ প্রচার হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, এসব সংবাদ তথ্যনির্ভর নয়, অতিরঞ্জিতভাবে এসেছে। তিনি অভিযোগ করেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের তথ্য আছে, যেসব পৌরসভায় বিএনপির প্রার্থীরা জয়লাভ করতে পারবেন না, সেখানে পোলিং এজেন্টদের ফলাফলের তালিকায় স্বাক্ষর না করতে বিএনপির উচ্চপর্যায়ের নির্দেশ রয়েছে।’
চট্টগ্রামের সাতকানিয়ায় একজন নিহত হওয়ার বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটকেন্দ্রের আধা কিলোমিটার দূরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, স্থানীয় সামাজিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
এইচ টি ইমাম: সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সঙ্গে সমান ব্যবহার করছে না। নোয়াখালীর চৌমুহনীতে জামায়াত-বিএনপির প্রভাবে গোলযোগ হচ্ছে। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের একজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, মিঠাপুকুরে বছরের শুরুতে যারা অগ্নি-সন্ত্রাস করেছিল, তারাই নাশকতা চালাচ্ছে।
অবশ্য বিকেলে এইচ টি ইমাম বলেন, নির্বাচন কমিশনের কোনো কোনো কাজে আওয়ামী লীগও ক্ষুব্ধ। তবে সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে তাকে কেন্দ্র করে পৌর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যাবে না।