স্থানীয় সরকারের ১৪৩টিতে ভোট গ্রহণ চলছে

স্থানীয় সরকারের ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ৯টি পৌরসভায়, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড এবং একটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত একটানা চলবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বাসসকে জানান, বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা, সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও উপজেলায় সাধারণ ও উপনির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কমিশন সূত্র জানায়, আজ ৪৭টি ইউপিতে সাধারণ, ৮৪ ইউপির ৯০ পদে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে উপনির্বাচন ও একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী এলাকায় গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত বাস, ইজিবাইক, ট্রাক, অটোরিকশা, মাইক্রোবাস, বেবিট্যাক্সি, কার, ট্যাক্সিক্যাব, জিপ, পিকআপ, টেম্পো ইত্যাদি যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোট গ্রহণের আগের তিন দিন থেকে আজ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া বুধবার রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে থাকবে।