স্থানীয়দের অংশগ্রহণের ভিত্তিতেই ড্যাপ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের ভিত্তিতেই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হবে। গতকাল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের একটি কলেজ মিলনায়তনে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) কর্মকর্তারা এ কথা জানান।
রাজউকের ২০ বছরমেয়াদি ড্যাপ (২০১৬-২০৩৫) মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন প্রকল্প পার্ট-২-এর উদ্যোগে এ মতবিনিময় সভা হয়। সভায় জানানো হয়, চলতি বছরের মধ্যে গাজীপুরে রাজউকের একটি আঞ্চলিক কার্যালয় ছাড়াও পুরো এলাকায় মোট আটটি কার্যালয় স্থাপন করা হবে।
ড্যাপের কর্মকর্তারা বলেন, ড্যাপের আগের করা প্ল্যানটি বাতিল হচ্ছে না। তবে ওই প্ল্যানে যেসব ত্রুটি রয়েছে তা সংশোধন করা হবে এ প্ল্যানে। এ জন্য রাজউকের টিম প্রতিটি এলাকায় গিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছে। কোন এলাকায় কী করা প্রয়োজন, এটা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিরা রাউজকের প্ল্যানে কৃষিজমিকে আবাসিক ও আবাসিক জমিকে কৃষিজমি হিসেবে দেখানোয় তা সংশোধন এবং মহাসড়কের পাশের জমিগুলোকে শিল্প এলাকা হিসেবে দেখানোর দাবি জানান।
অনুষ্ঠানে রাজউকের কর্মকর্তারা জানান, ঢাকার দুটি, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কালীগঞ্জের অংশবিশেষ, কেরানীগঞ্জ, তারাব পৌরসভা, সোনারগাঁ উপজেলাসহ ১ হাজার ৬২৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে রাজউকের বিশদ পরিকল্পনা হচ্ছে। এলাকার বর্তমান ও ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করা, দীর্ঘ মেয়াদে জনসংখ্যাকে সুবিন্যস্ত করে শহরের সম্প্রসারণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা, শহরের বর্তমান সমস্যা পর্যালোচনা ও উত্তরণের উপায় নির্ধারণ, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের সুপারিশ এবং পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করতে সুনির্দিষ্ট উপায় খুঁজতে রাজউকের এ পরিকল্পনা করা হচ্ছে।
রাজউক কর্তৃপক্ষ জানায়, এই পরিকল্পনায় স্ট্রাকচার প্ল্যানে নির্দেশিত এলাকা নিয়ে এক বা একাধিক ভূমি ব্যবহার ও উন্নয়ন পরিকল্পনা মৌজা ম্যাপে সন্নিবেশিত করা হবে। আবাসিক, শিল্প এলাকা, রাস্তা, পার্ক, খেলার মাঠ, বাজার ও অন্যান্য সুযোগ-সুবিধা, কাঙ্ক্ষিত ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিস্তারিত থাকবে পরিকল্পনায়। স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের ভিত্তিতে এ ড্যাপ করা হবে। এতে কৃষি ভূমি, নদী, জলাধার, বনভূমি সংরক্ষণের সুপারিশ থাকবে। এ ছাড়া দুর্যোগপ্রবণ এলাকা নির্দিষ্ট করে দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানায়, ড্যাপ তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ জন্য ত্রিমাত্রিক স্যাটেলাইট ইমেজের সাহায্যে এবং মাঠপর্যায়ে পর্যবেক্ষণ করে ল্যান্ড লেভেল, ফিজিক্যাল ফিচার ও ভূমি ব্যবহার জরিপ সম্পাদন করা হবে। একটি সুষ্ঠু ও সুন্দর পরিকল্পনা প্রণয়নে প্রকল্পভুক্ত এলাকার বিদ্যমান অবস্থা পর্যালোচনা, বিশ্লেষণ ও সমস্যা উদ্ঘাটন করতে প্রকল্প এলাকায় ভৌত প্রকৃতি জরিপ, ভূসাংস্থানিক ও ভৌত অবকাঠামো জরিপ এবং ভূমি ব্যবহার জরিপ করা হচ্ছে। এ জন্য রাজউকের দল প্রতিটি এলাকায় সরেজমিনে গিয়ে এসব কাজ করছে। এ জন্য স্থানীয় ব্যক্তিদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউকের পরিচালক মো. আনিসুর রহমান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, পরিচালক শাহ আলম চৌধুরী, পরামর্শ প্রতিষ্ঠানের দলনেতা কাজী গোলাম হাফিজ, রাজউকের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদা আক্তার, স্থানীয় কাউন্সিলর সুলতান উদ্দিন, আজিজুর রহমান প্রমুখ।