স্থানীয়দের চাকরির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলাখনিতে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবিতে খনি এলাকার চার গ্রামের লোকজন সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় খনির পাশের মধ্যশিলা বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশ করেন তাঁরা।
সভায় বক্তারা অভিযোগ করেন, মধ্যপাড়া কঠিন শিলাখনি বাস্তবায়িত করতে গিয়ে স্থানীয় বহু লোকের ভূমি অধিগ্রহণ করা হয়। অথচ এসব লোক যথাযথ ক্ষতিপূরণ পাননি। এমনকি বেলারুশের নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনির দায়িত্ব পাওয়ার পর গত জানুয়ারিতে নতুন করে প্রায় ৬০০ শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। এর মধ্যে এ পর্যন্ত প্রায় ৩০০ শ্রমিক নেওয়া হলেও স্থানীয় লোকদের কাউকে নেওয়া হয়নি। বর্তমান নিয়োগ-প্রক্রিয়ায় অবিলম্বে স্থানীয় ব্যক্তিদের যুক্ত করার আশ্বাস না পেলে খনি এলাকায় লাগাতার হরতাল ও অবোরধ কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ার করেন।
বিদ্যালয়ের মাঠে সন্ধ্যায় মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান শাহ, হাবিবুর রহমান প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার মধ্যপাড়া অধিকার রক্ষা কমিটির নেতারা একই দাবিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, দিনাজপুরের জেলা প্রশাসক ও পার্বতীপুরের ইউএনওর কাছে স্মারকলিপি দেন।