পায়রা সমুদ্রবন্দর চালু হলে কুয়াকাটাসহ পটুয়াখালীর কলাপাড়ার ব্যাপক পরিবর্তন হবে। এখানকার মানুষের জীবনমান পাল্টে যাবে। কর্মসংস্থানের সুযোগ হবে। ইতিমধ্যে সরকার কুয়াকাটায় আসা পর্যটকদের জন্য বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। তবে পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নের জন্য স্থানীয় লোকজনের পর্যটনবান্ধব মানসিকতা থাকতে হবে।
পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন মোটেল হলিডে হোমসের সম্মেলনকক্ষে গতকাল বুধবার দুপুরে ‘পর্যটন উন্নয়নবিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সদর আসনের সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।