স্থানীয়দের নিয়োগে 'কোটা' চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে যোগ্যতা অনুযায়ী স্থানীয়দের নিয়োগের দাবিতে ‘কোটাপদ্ধতি’ চালুর দাবি উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ‘স্থানীয় এলাকাবাসীর’ ব্যানারে শতাধিক লোক এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, বেলা সাড়ে ১১টায় এই এলাকার শতাধিক লোক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তাঁরা উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদারের বরাবর স্মারকলিপি পেশ করেন। বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীসহ শূন্য পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে ‘কোটাপদ্ধতি’ চালুর দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের দাবিসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে। বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কি না, কর্তৃপক্ষ তা ভেবে দেখবে।