স্থানীয়রা কেটে নিলেন বাঁধের ১০০ গাছ
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের দুই পাশের প্রায় ১০০টি গাছ কেটে নিয়েছেন স্থানীয় কয়েক ব্যক্তি। ১৫ দিন ধরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া থেকে সাফা পর্যন্ত দেড় কিলোমিটার বাঁধের দুই পাশের এসব গাছ কাটা হচ্ছে। দুই মাস আগেও এই বাঁধ থেকে বেশ কিছু গাছ কেটে বিক্রি করে দেন স্থানীয় অপর কয়েক ব্যক্তি। একসঙ্গে বাঁধের দুই পাশের এতগুলো গাছ কেটে ফেলায় বাঁধের ভিত দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।পাউবোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিষখালী নদীতীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের এসব রেইনট্রি ও চাম্বলগাছ ১৯৯৩-৯৪ সালে রোপণ করা হয়। পাউবো যেসব জমিদাতার কাছ থেকে জমি অধিগ্রহণ করে বাঁধ নির্মাণ করে সেই জমির মালিকেরা এসব গাছ রোপণ করেন। নিয়মানুযায়ী বাঁধের এসব গাছের মালিক পাউবো। এসব গাছ বিক্রির টাকার একটি অংশ গাছ রোপণকারীদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা। গাছগুলো কাটার ব্যাপারে পাউবো কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কাউকে তা কাটার অনুমতিও দেয়নি। বেআইনিভাবে এসব গাছ কাটা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, পাউবো কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা অনুমতি ছাড়াই স্থানীয় কয়েকজন প্রভাবশালী মূল্যবান এসব গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি টুলু মোল্লা, তাঁর চাচা মজিদ মোল্লা, কুদ্দুস মল্লিক ও আবদুর রাজ্জাক এসব গাছ কেটে নিয়ে যান। পরে বেশির ভাগ গাছের গোড়া উপড়ে ফেলে তা মাটিচাপা দেওয়া হয়।জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, ‘ঘরের কাজ করার জন্য আমি দুটি গাছ কেটেছি। এলাকায় থাকি না। তাই অন্য কেউ গাছ কেটেছে কি না, বলতে পারব না।’ কুদ্দুস মল্লিক বলেন, ‘এই গাছ আমরা লাগাইছি, জমিও আমাগো। তাই কয়েকটা গাছ কাটছি।’আওয়ামী লীগের নেতা টুলু মোল্লা বলেন, ‘কোনো গাছ কাটিনি। আমার চাচা মজিদ মোল্লা তিনটি গাছ কেটেছেন।’ তিনি উল্টো অভিযোগ করেন, ‘ছত্তার মোল্লা নামে এক ব্যক্তি প্রথমে গাছ কাটা শুরু করেন। তাঁর গাছ অন্যরা নিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁরা আমার বিরুদ্ধে এসব রটাচ্ছেন।’ তবে ছত্তার মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো গাছ কাটিনি। বরং গাছ কাটা বন্ধের জন্য পাউবো অফিসে খবর দিয়েছি। এখন ওরা একজোট হয়ে আমার পেছনে লেগেছে।’গাছ কাটার কাজে নিয়োজিত জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিক জানান, কুদ্দুস মল্লিক এসব গাছ রোপণ করছিলেন। গাছগুলার মালিক উনি। কিছুদূর এগোতেই কয়েকজনকে মাটি খুঁড়ে কাটা গাছের গোড়া তুলতে দেখা গেল। স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘ইটবাড়িয়া ও চরকগাছিয়া এলাকায় ১৫ দিনে ৩৯টি গাছ কাটা হয়েছে। শুনছি, সাফা এলাকায়ও কিছু গাছ কাটছে ওই এলাকার লোকেরা।’পাউবো বরগুনা জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অনেক পরে শুনেছি। যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’