স্থাপত্য শিক্ষার্থীদের ভাবনায় মেট্রোরেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাপজোখ-খোঁড়াখুঁড়ির প্রাথমিক কাজ চলছে। এই রেলপথের চূড়ান্ত নকশাটি কেমন, কেমন হলে ঢাকাবাসীর জন্য এ সেবা আরও সুবিধাজনক হবে, ‘লাইফ লাইন ফর ঢাকা’ প্রদর্শনীটি ছিল এসব নিয়ে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে ৬ জানুয়ারি ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে মেট্রোরেলের নকশাবিষয়ক এ প্রদর্শনী শুরু হয়। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬-এর (এমআরটি-৬) চারটি স্টেশন নিয়ে তাঁদের ক্লাস প্রজেক্টের মডেল এই প্রদর্শনীতে তুলে ধরেন। গতকাল মঙ্গলবার ছিল প্রদর্শনীর শেষ দিন।
ঢাকায় মেট্রোরেলের প্রথম রুট এমআরটি-৬, উত্তরা থেকে শুরু হয়ে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে। এ রুটে স্টেশন থাকবে ১৬টি।
এমআরটি-৬-এর মতিঝিল, ফার্মগেট, শাহবাগ, মিরপুর—এই চারটি স্টেশন নিয়ে শিক্ষার্থীরা কাজ করেছেন। মতিঝিল স্টেশনের তিনটি এবং বাকি স্টেশনগুলোর দুটি করে মডেল ছিল প্রদর্শনীতে। শিক্ষার্থীরা বলেন, ঢাকার অর্থনৈতিক ও পরিবেশগত দিকগুলো মাথায় রেখে মডেলগুলো তৈরি করেছেন তাঁরা।
প্রজেক্ট টিমের একজন সুমাইয়া শারমিন বলেন, এই চারটি সাইটেরই চরিত্র আলাদা। মতিঝিল বাণিজ্যিক, ফার্মগেট জনবহুল, শাহবাগ শিক্ষাপ্রতিষ্ঠান—হাসপাতালকেন্দ্রিক এবং মিরপুর আবাসিক এলাকা। স্টেশনগুলোর নকশার ক্ষেত্রে এলাকাগুলোর বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখতে হবে। তবে চূড়ান্ত হওয়া নকশায় সবগুলো স্টেশনের জন্য প্রায় একই ধরনের পরিকল্পনা রাখা হয়েছে। তাই মূল নকশায় কিছুটা সংযোজন-বিয়োজনের মাধ্যমে স্টেশনগুলোর অবস্থান ও ব্যবস্থা ঢাকাবাসীর জন্য কীভাবে আরও সুবিধাজনক করা যায়, প্রদর্শনীতে তাঁরা তা তুলে ধরেছেন।
মতিঝিল স্টেশনের মডেলে শিক্ষার্থীরা দেখান, প্রতি ঘণ্টায় এ স্টেশনে ১৪ হাজার মানুষ যাতায়াত করবে। কিন্তু মূল নকশা অনুযায়ী ফুটপাত থেকে সরাসরি সিঁড়ি দিয়ে স্টেশনে ওঠার পথটি এত বেশি মানুষের জন্য উপযোগী নয়। তাই তাঁরা প্রস্তাবিত স্টেশনের পাশের ফিলিং স্টেশনটি সরিয়ে জায়গা বাড়ানোর পরামর্শ দেন।
চূড়ান্ত নকশায় শাহবাগ স্টেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বারডেম জেনারেল হাসপাতালের বেশ কাছাকাছি। শিক্ষার্থীরা মনে করছেন, এতে রোগীদের অসুবিধা হবে। তাই তাঁরা হাসপাতাল এলাকা পার হয়ে স্টেশনটি শাহবাগ মোড়ে নিয়ে আসার বিকল্প নকশা দিয়েছেন। ফার্মগেট পার্ক রক্ষার জন্য এখানকার স্টেশনটি আনন্দ সিনেমা হলের সামনে স্থানান্তরের পরামর্শ দিয়েছে শিক্ষার্থীদের আরেকটি দল।
৯ জানুয়ারি প্রদর্শনী দেখতে আসেন মেট্রোরেলের মূল নকশাকারী দলের সদস্য ভারতীয় স্থপতি ভেলমুরগান লাকসমানান। প্রদর্শনীর আয়োজন সহযোগী হিসেবে ছিল আলিয়ঁস ফ্রঁসেজ ও বসুন্ধরা সিমেন্ট।