স্থাপত্যের আইএএ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর এই সোনাদিয়া স্কুল নির্মাণ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছেন আদর ইউসুফ
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব, জলবায়ু সহিষ্ণু ও টেকসই স্থাপনা নির্মাণ প্রকল্পের জন্য ‘আর্কিটেকচারাল প্রজেক্টস অ্যান্ড বিল্ড ওয়ার্কস-২০২০’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি। তাঁরা হলেন আদর ইউসুফ ও সাইফুল ইসলাম। ইন্টারন্যাশনাল একাডেমি অব আর্কিটেকচার (আইএএ) এই দুই বাংলাদেশি স্থপতিকে সম্মাননা দিয়েছে।

প্রতি দুই বছর পরপর স্থাপত্যের বিভিন্ন ক্যাটাগরিতে আইএএর পক্ষ থেকে আন্তর্জাতিক এই পুরস্কার দেওয়া হয়। আইএএর ওয়েবসাইটে গত শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়।

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া স্কুল নির্মাণ প্রকল্পের জন্য ‘এডুকেশন বিল্ডিং’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আদর ইউসুফ। দুই মাস আগে প্রকল্পটি তিনি ওই প্রতিযোগিতার জন্য জমা দিয়েছিলেন। আর ব্রাহ্মণবাড়িয়ার জমশেরপুর হাই স্কুল হোস্টেল নির্মাণের জন্য ‘রেসিডেনশিয়াল ক্যাটাগরিতে’ আইএএ পুরস্কার পেয়েছেন সাইফুল ইসলাম।

আদর ইউসুফ প্রথম আলোকে জানান, ৩০ বছর ধরে স্থাপত্যবিদদের উৎসাহ দিতে আইএএ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি পেয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে স্থপতিরা বিশ্বের বিভিন্ন দেশের স্থাপত্য প্রকল্প সম্পর্কে জানতে পারেন।

করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক এই পুরস্কার বিতরণের জন্য এবার অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ নভেম্বর অনুষ্ঠানটি হয়। এ বছর আইএএ পুরস্কার পাওয়া এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রকল্পগুলো বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে ইউনিভার্সিটি অব আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওডেসিতে প্রদর্শিত হয়েছে। ১৬ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রকল্পগুলো প্রদর্শিত হয়।