স্থাপত্যের নান্দনিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট একটি ঘর পেরিয়ে ঢুকতে হলো মূল মিলনায়তনে। কালো কাপড়ে মোড়ানো আধো আলোর ওই ঘরে রয়েছে স্থাপত্য ও নকশার স্থিরচিত্র। তবে আলো ঝলমল মূল মিলনায়তন। সেখানে প্রদর্শিত হচ্ছে ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের বিভিন্ন সময়ে করা স্থাপত্য নকশা ও প্রকল্পের নানা দিক।
ভিত্তির দুই যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে এই স্থাপত্য প্রদর্শনী ‘পৌনঃপুনিক’। যেখানে প্রদর্শনী হচ্ছে সেই কৃষিবিদ মিলনায়তনের নকশাও ভিত্তির করা।
প্রদর্শনীতে ভিত্তির সাম্প্রতিক সময়ের ১৮টি কাজ স্থান পেয়েছে। প্রদর্শনীতে কাজগুলোর স্থিরচিত্র, নকশা, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে হাতিরঝিল প্রকল্প, ব্র্যাক নার্সারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধি, ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের অন্দরসজ্জাসহ বিভিন্ন প্রকল্পের নানা বিষয় উপস্থাপন করা হয়।
ভিত্তি স্থপতিবৃন্দের সহযোগী স্থপতি নায়ারা নুয়েরী ইসলাম বলেন, ‘এটি অন্যান্য প্রদর্শনীর তুলনায় অনেকটা ভিন্ন। এখানে নকশার পাশাপাশি আমরা আমাদের কাজে ব্যবহার করি এমন নানা কিছু দর্শকদের সামনে নিয়ে এসেছি। যেমন, গুলশানে একটি আবাসিক বাড়িতে আমাদের ব্যবহার করা বারান্দা বা মৌলভীবাজারের দুসাই রিসোর্টের বিশ্রামাগারের ছোট অনুকৃতি বানানো হয়েছে। এর ফলে দর্শনার্থীরা আমাদের কাজের ধরন বুঝতে পারবেন।’
১৯৯৩ সালে স্থপতি মাজহারুল ইসলাম, ইকবাল হাবিব ও ইশতিয়াক জহিরের হাত ধরে পথচলা শুরু ভিত্তির। দুই যুগ পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে ভিত্তির প্রতিষ্ঠাতা অংশীদার স্থপতি মাজহারুল ইসলামকে। প্রদর্শনীর শেষ দিন আজ শনিবার।
প্রদর্শনীর অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্থানিক’ নামক নতুন ধারণা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘গুলশান-বারিধারা লেকের উন্নয়ন ধারণা’। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ বর্ষের মইনুল আলম ও সাদ-বিন মোস্তফা। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির পঞ্চম বর্ষের মোয়াজ্জেম হোসেন। যৌথভাবে তৃতীয় হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের অমিত ইমতিয়াজ এবং বুয়েটের পঞ্চম বর্ষের তাজরিন ইসলাম ও এনাম রাব্বি আদনান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।