স্থাপনা উচ্ছেদ করে ১৮০ একর জায়গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও ঢাকার চারপাশে বুড়িগঙ্গাসহ কয়েকটি নদী তীরে গড়ে তোলা ৮২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ পর্যন্ত ১৮০ একর জায়গা উদ্ধার করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে পুনরায় দখল রোধে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। 

এ ছাড়া নদীর সীমানা পিলার বসানোর ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো দ্রুত অবসান করে সীমানা পিলার নির্ধারণ ও স্থাপনের কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
আজ বুধবার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের ২৯ তম সভায় এ কথা জানানো হয়। নৌপরিবহন মন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান এ সভায় সভাপতিত্ব করেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
র‍্যাব ১০ ও নৌ-পুলিশের জন্য বুড়িগঙ্গা নদীর পাশের জায়গার পরিবর্তে কেরানীগঞ্জে জায়গা বরাদ্দের ব্যবস্থা করা হবে। র‍্যাব ও নৌ-পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য জায়গার ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগিতা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাংসদ সানজিদা খানম সভায় উপস্থিত ছিলেন।
বুড়িগঙ্গা আদি চ্যানেল উদ্ধারে জাতীয় নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী তীর রক্ষা, ওয়াকওয়ে নির্মাণ ও বনায়নের জন্য গণসচেতনতা সৃষ্টি করা হবে। হাজারীবাগের ট্যানারি শিল্প সভারে স্থানান্তরে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে, পাবনা জেলার বড়াল নদীর দখল বিষয়ে সরেজমিনে দেখার জন্য টাস্কফোর্স শীঘ্রই পাবনা, নাটোর ও রাজশাহী জেলায় বড়াল নদীর অংশ পরিদর্শন করবে। নদীর বিভিন্ন অংশে অকেজো স্লুইস গেট খুলে দেওয়ার বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।