স্থাপনা তৈরি বন্ধ না করলে ধ্বংস হবে রাতারগুল
সিলেটের রাতারগুল বনে পর্যবেক্ষণ টাওয়ার, বনকর্মীদের বাসস্থানসহ নানা স্থাপনা নির্মাণ বন্ধ করার দাবি করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, এসব করা হলে দেশের একমাত্র মিঠা পানির জলাবনটি ধ্বংস হয়ে যাবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার সকালে ‘স্থাপনা নির্মাণ ও ধ্বংসের হাত থেকে দেশের একমাত্র জলারবন রাতারগুল রক্ষার দাবিতে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই মত ব্যক্ত করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বনের মধ্যে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের বিরোধিতা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘আমি দীর্ঘ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। আমার মনে হয়, সীমান্ত রক্ষায়ও এত বড় টাওয়ার নেই।’ বন বিভাগের এই প্রকল্প পুনর্বিবেচনার জন্য তিনি পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমরা পর্যটনের বিরোধী নই, পরিবেশ ধ্বংস করার বিরোধী।’
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, রাতারগুল বন হাজার বছর ধরে রয়েছে। কোনো টাওয়ার ছাড়াই এত দিন সেটি রক্ষিত হয়েছে।
মূল প্রবন্ধ পাঠ করেন বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম। আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক শরীফ জামিল সামি প্রমুখ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল একটি অনন্য প্রাকৃতিক জলাভূমির বন। একে ১৯৭৩ সালে সংরক্ষিত জলার বন ঘোষণা করে বন বিভাগ। নদী ও হাওরবেষ্টিত নিভৃত এলাকাটিতে বন বিভাগ এ বছরের জানুয়ারি মাসে জাতীয় উদ্যানের পরিকল্পনায় পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ শুরু করে।