স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম বিভিন্ন স্থাপনা থেকে ৯০ দিনের মধ্যে মুছে ফেলতে বা অপসারণ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিভিন্ন স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম বাদ বা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্থানীয় সরকার সচিব, শিক্ষাসচিব, রাঙামাটির মেয়র ও জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধকালে চাকমা সার্কেলের প্রধান ও স্বাধীনতাযুদ্ধ–পরবর্তী সময়ে আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা এই স্বাধীনতাবিরোধীর নাম বিভিন্ন স্থাপনা থেকে বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল রোববার রিটটি করেন পার্বত্য চট্টগ্রামের দুই বাসিন্দা। আজ রিট আবেদনটি শুনানির জন্য আদালতে ওঠে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শরিফ আহমদ। পরে শরিফ আহমদ প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে ত্রিদিব রায় চাকমা সার্কেলের প্রধান, অর্থাৎ রাজা ছিলেন। স্বাধীনতাযুদ্ধকালে তিনি পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন। পরে তিনি পাকিস্তানে চলে যান, পরে আর বাংলাদেশে ফেরেননি। ২০১২ সালে তিনি পাকিস্তানেই মারা যান। এর আগে তিনি আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ও পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

শরিফ আহমদ আরও বলেন, তাঁর নামে খাগড়াছড়িতে ত্রিদিব নগর, ত্রিদিব নগর স্কুলসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। সেসব স্থাপনা থেকে এই স্বাধীনতাবিরোধীর নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।