স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে স্বাধীনতাবিরোধী হিসেবে পরিচিত চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে মুছে ফেলতে বা অপসারণ বা পরিবর্তন করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রাঙামাটিসহ অন্যত্র বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তা বা স্থাপনা থেকে ত্রিদিব রায়ের নাম বাদ বা অপসারণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, শিক্ষাসচিব, রাঙামাটির মেয়র ও জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই স্বাধীনতাবিরোধীর নাম বিভিন্ন স্থাপনা থেকে বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে গত রোববার রিটটি করেন পার্বত্য চট্টগ্রামের দুই বাসিন্দা। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরিফ আহমদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে শরিফ আহমদ প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধকালে ত্রিদিব রায় চাকমা সার্কেলের প্রধান অর্থাৎ রাজা ছিলেন। স্বাধীনতাযুদ্ধকালে তিনি পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেন। এরপর ত্রিদিব রায় পাকিস্তানে চলে যান, পরে আর বাংলাদেশে ফেরেননি। ২০১২ সালে তিনি পাকিস্তানেই মারা যান। এর আগে তিনি আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ও পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। তিনি বলেন, ত্রিদিব রায়ের নামে খাগড়াছড়িতে ত্রিদিব নগর ও ত্রিদিব নগর স্কুলসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে এই স্বাধীনতাবিরোধীর নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হলে শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।