স্থাপনা দৃষ্টিনন্দন ছাড়াও পরিবেশবান্ধব হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

জমির স্বল্পতা ও ভবিষ্যৎ জনসংখ্যার কথা মাথায় রেখে পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মাণে স্থপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল রোববার সকালে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্থাপত্য হলো একটি সভ্যতার মাপকাঠি। প্রাচীন সভ্যতাকে চেনা বা জানার অন্যতম মাধ্যম হচ্ছে স্থাপত্যশিল্প। আজকে আমরা যা কিছু নির্মাণ করছি, কয়েক শ বছর পর যদি এগুলো টিকে থাকে, তাহলে এগুলো আমাদের সময়কে ধারণ করবে। আমরা যা কিছু নির্মাণ করি না কেন, সেগুলোকে যেমন একদিকে হতে হবে স্থায়িত্বশীল, পরিবেশবান্ধব, অন্যদিকে দৃষ্টিনন্দন।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থপতিদের এমন স্থাপনা নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হবে। হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশের কনসালট্যান্টদের চেয়ে আমাদের কনসালট্যান্টরা দেশের আবহাওয়া সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন। তাই তাঁদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাই ভালো।’
গ্রামীণ অর্থনীতির উন্নয়নে স্থপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের সবার জন্য আবাসন-সুবিধা নিশ্চিত করতে চায়। একটি মানুষকেও যাতে কুঁড়েঘরে থাকতে না হয়, সেই ব্যবস্থা করতে চায়। সেই সঙ্গে তাদের জীবিকার ব্যবস্থাও করে দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, গ্রামের লোকজনও উন্নত পরিবেশ, উন্নত জীবনব্যবস্থা প্রত্যাশা করে। তাই সরকার গ্রামাঞ্চলেও সব রকম সুযোগ-সুবিধাসংবলিত বহুতল দালান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিবেশ রক্ষার বিষয়ে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, আইয়ুব খান ঢাকার কেন্দ্রস্থল মতিঝিলের জলাশয় ধ্বংস করেছিলেন। আর এরশাদ ধ্বংস করেন পান্থপথের খাল। স্থাপনা নির্মাণের সময় নদী ও জলাধারগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে স্থপতিদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ব্রিটিশ আমলে তৈরি লাল দালানগুলো বাংলাদেশের ঐতিহ্য বা সংস্কৃতিকে ধারণ করে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রয়োজন না থাকলে এসব ভেঙে ফেলা হবে। তিনি বলেন, ‘ব্রিটিশদের গোলামি করেছি ২০০ বছর। আর ব্রিটিশদের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে, এটা আমি মনে করি না। হয়তো প্রতীকী হিসেবে দুই-চারটা রাখতে পারি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বক্তব্য দেন আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়ার সভাপতি সাথিরুত নুই টান্ডাহ্যান্ড, আইএবি সেন্টারের সভাপতি আবু সায়ীদ এম আহমেদ, আইএবির সাধারণ সম্পাদক কাজী এম আরিফ ও কাজী গোলাম নাসির।