স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন মহিপুর মৎস্য বন্দরের শিববাড়িয়া নদীর তীর অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন। ইতিমধ্যে আটজন দখলদারকে তাঁদের পাকা স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আউয়াল জানান, খবর পেয়ে ২ মে তাঁরা এই নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, বন্দোবস্ত পাওয়ার পর সরেজমিন জমি বুঝিয়ে দেওয়ার আগেই অবৈধভাবে যাঁরা নদীর তীর ঘেঁষে পাকা স্থাপনা নির্মাণ করেছেন, তাঁরা ২ মে স্বাক্ষরিত নোটিশপ্রাপ্তি থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে তাঁদের স্থাপনা নিজ উদ্যোগে ভেঙে না নিলে প্রশাসন এসব অবৈধ স্থাপনা ভেঙে দেবে। নোটিশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন রাজা মিয়া, আবদুল জব্বার হাওলাদার, সুভাষ চন্দ্র দাস, সোহাগ মৃধা, মো. সায়েদ হাওলাদার, আবুল কালাম, মজিবর খান ও আবুল কাসেম।মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করে জানান, দখলদাররা স্বাক্ষর দিয়ে তাঁদের নোটিশ গ্রহণ করেছেন।৫ মে ‘শিববাড়িয়া তীরে অবৈধ স্থাপনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।