স্থাপনা রক্ষায় এবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রাগীব আলীর অবৈধ দখল থেকে মুক্ত তারাপুর চা-বাগানে অবস্থিত মেডিকেল কলেজ ও হাসপাতালসহ সব স্থাপনা রক্ষার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। এর আগে ‘আমরা সিলেটবাসী’ ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে প্রয়োজনে সরকারি হস্তক্ষেপ করে হলেও এসব স্থাপনা রক্ষার আহ্বান জানার তাঁরা।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক খান রাজা মিয়া, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ। এ সময় সিটি করপোরেশনের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর মৌজার বিভিন্ন মহল্লার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

ওই স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকাবাসী সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে স্বাস্থ্য ও শিক্ষামূলক স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বসতবাড়ি উচ্ছেদ থেকে রক্ষায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মানবিক দৃষ্টি আকর্ষণ ছাড়া কোনো বিকল্প নেই।

৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের দেওয়া রায়ে তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে ফেলতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এরপর ১৫ মে চা-বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। এ ছাড়া ৩০ জুলাইয়ের মধ্যে সব অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো স্থাপনা সরেনি।

এ অবস্থায় সংশ্লিষ্টদের নিয়ে গত রোববার বৈঠক করে জেলা প্রশাসন। সেখানে ‍সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তার মতামত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।