স্থাপনা সরাতে হাইকোর্টের আদেশ মানা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে একাত্তরের রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। উদ্যানের ঐতিহাসিক সাতটি স্থান চিহ্নিত করতে কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত। কিন্তু হাইকোর্টের আদেশ এখনো বাস্তবায়িত হয়নি।রেসকোর্স ময়দানে একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান ও একই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্ম-সমর্পণের স্থান সংরক্ষণের নির্দেশনা চেয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ ও অধ্যাপক মুনতাসীর মামুন জনস্বার্থে ২০০৯ বছরের ২৫ জুন হাইকোর্টে রিট করেন। এক বছর পর ২০১০ সালের ৭ জুলাই রায়ের অনুলিপি প্রকাশিত হয়।এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সে অংশটিকে ‘স্বাধীনতা উদ্যান’ বা ‘লিবার্টি স্কয়ার’ নামকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।যেসব স্থান চিহ্নিত করার কথা: আদেশে আদালত এক বা একাধিক কমিটি গঠন করে সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি স্থান চিহ্নিত করতে বলেছেন। এগুলো হলো: ১৯৪৮ সালের ২১ মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর দেওয়া ভাষণের স্থান; ’৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান; ’৭১ সালের ৩ জানুয়ারি আওয়ামী লীগ থেকে জাতীয় ও প্রাদেশিক সংসদে নির্বাচিত সদস্যদের শপথের স্থান; ’৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের স্থান; পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান; ১৯৭২ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৯৭২ সালের ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণের স্থান। এই সাতটি স্থান ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের সব ধরনের স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। বর্তমান অবস্থা: সরজমিনে গত মঙ্গলবার দেখা যায়, পুরো এলাকা অরক্ষিত। সেখানে থাকা তিনটি ফলকের অবস্থাই করুণ। এর মধ্যে ১৯৯৫ সালের ‘বিজয় স্তম্ভ’ শিরোনামের ফলকটি প্রায় ধসে পড়েছে। শিশুপার্ক ঘেঁষে থাকা অপর ফলকটি পড়া যায় না। জলাধারের পানি নষ্ট হয়ে গেছে। যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। শাহবাগের পুলিশ নিয়ন্ত্রককক্ষ সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। শিশুপার্কটি নিয়েও চিন্তাভাবনা চলছে। পাশাপাশি আমাদের মন্ত্রী মহোদয় ওই সময়ের রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসে ৭ মার্চের ভাষণের স্থান, পাকিস্তানিদের আত্মসমর্পণসহ স্মৃতিচিহ্নগুলো চিহ্নিত করবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রিট আবেদনকারী অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, জাতীয় স্বার্থেই আদালতের নির্দেশনা অনুসারে সোহরাওয়ার্দী উদ্যানের সব স্থাপনা অপসারণ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। এখন আদালতের নির্দেশনা সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবেন কি মানবেন না, এটা তাঁদের ব্যাপার।’