স্থাপনা হুমকিতে ফেলে কুমার নদ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে কুমার নদ থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এতে একটি সেতু, একটি মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ওই গ্রামের আবদুস সাত্তার নামের এক ব্যক্তি এই বালু দিয়ে তাঁর ডোবা ভরাট করছেন। আবদুস সাত্তার দাবি করেন, সমাজসেবার জন্য তিনি এ কাজ করছেন।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের আবদুস সাত্তার পাশের কুমার নদে দুটি খননযন্ত্র বসিয়ে পাইপ দিয়ে প্রায় ৪০০ মিটার দূরে তাঁর ডোবাটি ভরাট করছেন। কুমার নদের যে জায়গা থেকে এই বালু তোলা হচ্ছে, তার দক্ষিণে ৪০ গজের মধ্যে ডোবরা সেতু ও চিতার বাজার, উত্তরে মজুরদিয়া গ্রাম, পশ্চিমে ২০ মিটারের মধ্যে ডোবরা মাদ্রাসা ও পূর্বে রাঙামুলা গ্রাম। এলাকাবাসী জানান, ১ ডিসেম্বর নদের বালু তোলা শুরু হয়েছে। বালু তোলার কাজে নিয়োজিত কফিল মল্লিক জানান, প্রতিদিন প্রায় এক হাজার ৫০০ ঘনফুট বালু তোলা হচ্ছে। তাঁরা টাকার বিনিময়ে এ কাজ করছেন। ২ ডিসেম্বর নদ থেকে বালু তোলা বন্ধের দাবিতে এলাকাবাসী ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, নদ থেকে বালু তোলায় পাশের জমিতে ফাটল ধরতে পারে, মাদ্রাসাভবন ধসে যেতে পারে এবং সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ প্রসঙ্গে আবদুস সাত্তার বলেন, ‘আমি একজন সমাজসেবী। সমাজসেবার জন্য এ মাটি কাটা হচ্ছে। আমি নদ থেকে মাটি কেটে যে ডোবাটি ভরছি, সেখানে হাটবাজার বানানো হবে। এভাবেই আমি সমাজের উপকার করব।’ ডোবরা সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান বলেন, ‘নদ থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু তোলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। উনি নিজের জন্য ব্যক্তিগত জায়গায় মাটি ফেলছেন। এতে সমাজের উন্নয়নের কোনো সুযোগ নেই।’ সতৈর ইউপির চেয়ারম্যান খোন্দকার নাজিরুল ইসলাম বলেন, ‘আমি খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। বোয়ালমারীর ইউএনও মো. সহিদুজ্জামান বলেন, ‘সরেজমিনে দেখে আসার জন্য আমি আজ (বৃহস্পতিবার) তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁর প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেব।’