স্থাপনাশিল্পে রক্তাক্ত ২১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপথে নিথর পড়ে আছে মানুষ। জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে একুশে আগস্টের সেই মর্মান্তিক ঘটনা নিয়ে স্থাপনাশিল্প l প্রথম আলো
রাজপথে নিথর পড়ে আছে মানুষ। জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে একুশে আগস্টের সেই মর্মান্তিক ঘটনা নিয়ে স্থাপনাশিল্প l প্রথম আলো

জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিটি ভবনের তৃতীয় তলায়। সোমবার দুপুরে সেখানে ঢুকে মনে হলো, এ এক অন্য জগৎ। নাকে এসে লাগল কর্পূরের ঘ্রাণ, মাটিতে সারিবদ্ধ সাজানো নয়টি ভাস্কর্য—মানবদেহ।
মূল দেয়ালে আলাদা তিনটি পর্দায় পড়েছে প্রজেক্টরের আলো। মাঝের পর্দায় চলছিল সমাবেশ। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ। শব্দযন্ত্রের মাধ্যমে ভেসে এল শেখ হাসিনার ভাষণ (তখন তিনি বিরোধীদলীয় নেতা)। একসময় বিকট শব্দ। অ্যাম্বুলেন্স, প্রাণ বাঁচাতে ছুটে চলা মানুষের আর্তনাদ আর স্বেচ্ছাসেবকদের আকুতি। প্রজেক্টরের আলো দেয়ালে পড়লেও কিছু দৃশ্যমান হয় না। এ দৃশ্যটাও খুব পরিচিত। কোনো অনুষ্ঠান দেখতে দেখতে মূল কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হলে টেলিভিশনের পর্দাটি যেমন দেখায়, ঠিক তা-ই দেখানোর চেষ্টা করেন শিল্পী। ভাস্কর্য গ্যালারি যেন হয়ে উঠেছে একটুকরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
প্রদর্শনীটির শিরোনাম ‘রক্তাক্ত ২১শে আগস্ট’। শিরোনামেই রয়েছে প্রদর্শনীটির উদ্দেশ্য কিংবা বিষয়-আশয়। রোববার ব্যতিক্রম এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ভাস্কর্য, আলো, শব্দ নিয়ে প্রদর্শনীকক্ষের প্রায় পুরোটা ব্যবহার করেছেন শিল্পী মাহবুবুর রহমান। তিনি বললেন, ‘আসলে ওই মুহূর্তটিতে কেউ আর নিজের মাঝে ছিলেন না। শ্রবণ, দৃষ্টিসহ কোনো ইন্দ্রিয়সংযোগ নিজের মধ্যে থাকে না। এ বিচ্ছিন্ন অবস্থাটিই বোঝালাম।’ অন্ধকার গ্যালারিটিও দ্রুত বদলে যেতে থাকে। ধোঁয়াচ্ছন্ন হয় চারপাশ। কিছু দেখা যায় না। শোনা যায় মানুষের আর্তচিৎকার। কিছুক্ষণ পর যখন দৃশ্যমান হয় সব, কেবল মৃত্যু—রক্ত আর রক্তে ভেসে যাওয়া। রাজপথে নিথর পড়ে আছে মানুষ। কারও হাত নেই, কবজি উড়ে গেছে। কেউ হারিয়েছেন পা। নারীদের ক্ষতবিক্ষত শরীর থেকে রক্ত ঝরছে। তার ঠিক পাশেই ঘাতকদের ছোড়া গ্রেনেড। গ্রেনেডের আঘাতে কাতরাচ্ছেন মানুষ। যে যাঁর মতো ছুটছেন।
দৃশ্যগুলো একটির পর একটি পর্দায় ভেসে ওঠে। শব্দযন্ত্রে একজনের স্মৃতিচারণা। চোখের সামনে তাঁর স্বজন মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি দূরে ছিটকে পড়া পায়ের একটি অংশ দেখিয়ে বলেছিলেন, ‘ওই যে আমার পা।’
শিল্পী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি ২১ আগস্ট হলেও এটি তাঁর নিয়মিত কাজেরই ধারাবাহিকতা। তিনি নিয়মিত যুদ্ধ, সন্ত্রাস, বিশ্বের চলমান অস্থিরতা নিয়ে কাজ করেন। তিনি বলেন, ‘যখন আমার কাছে এ কাজের প্রস্তাব আসে, তখন আমি ঠিক করি, যেহেতু ঘটনাস্থলে ছিলাম না, তাই ওই সময়ে আলোকচিত্র, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনাই আমাকে সহায়তা করতে পারে। যোগাযোগ করি প্রথম আলোর সঙ্গে। অনুমতি নিয়ে প্রথম আলোর ছবিগুলো ব্যবহার করি।’
মেঝের এক পাশে কয়েকটি মৃতদেহ। কালো—আগুনে পোড়া দেহ যেমন হয়, তেমন। মাঝে স্তূপাকারে মানুষের জামাকাপড়। ছেঁড়া স্যান্ডেল, কাপড়-স্যান্ডেলের স্তূপে মানুষের ছিন্ন মস্তক! দেয়ালে পাঁচটি আলোকচিত্র। প্রথম আলোর আলোকচিত্রী জিয়া ইসলামের তোলা এসব আলোকচিত্র যেন ঘটনার বাস্তব দলিল।
তিন দিনের প্রদর্শনী চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।