স্থাপনের পর থেকেই এক্স-রে যন্ত্রটি নষ্ট!
সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি স্থাপনের পর থেকে নষ্ট পড়ে আছে। অর্থাৎ সাত বছর ধরে এটি দিয়ে কোনো কাজই হয়নি। এ কারণে গরিব রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৫ সালে এক্স-রে যন্ত্রটি ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে স্থাপন করা হয়। কিন্তু প্রথম দিনই এটি দিয়ে কোনো কাজ করা যায়নি। টেকনিশিয়ান এলে ঠিক করা হবে বলে এটি রেখে দেওয়া হয়। এরপর টেকনিশিয়ানও আসেননি, আর যন্ত্রটিও ঠিক করা হয়নি।উপজেলার প্রতাপপুর গ্রামের মতিলাল বলেন, ‘এক্স-রে যন্ত্র থাকলে গরিব রোগীদের বেশ কিছু টাকা বাঁচত, সময়ও বাঁচত। আমরা বাধ্য হয়ে বাইরে থেকে এক্স-রে করাই। কিন্তু ডাক্তাররাও অনেক সময় রিপোর্ট নিয়ে সন্দেহ পোষণ করেন।’জাফলংয়ের মামার বাজারের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘গোয়াইনঘাট হাসপাতালে এক্স-রে যন্ত্রসহ আধুনিক চিকিৎসাসেবার জন্য ব্যবহূত অনেক সরঞ্জামই নেই। তাই আমরা বাধ্য হয়ে পাশের উপজেলা জৈন্তা কিংবা সিলেট শহরে চলে যাই। এতে আমাদের অনেক খরচ হয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম লতিফী প্রথম আলোকে বলেন, ‘আমি আসার পর থেকে দেখছি এক্স-রে যন্ত্র অকেজো হয়ে পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে সরকারি বিষয়, কবে ঠিক হবে জানি না।’উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘আমি সুযোগ পেলেই বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে জানাই। এক্স-রে যন্ত্রটি যাতে সারানো হয়, সে বিষয়ে চেষ্টা করব।’