স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে।
সিএসএস সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক (সজুন)-এর জেলা সভাপতি অধ্যাপক আবদুল বারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দীন, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দীন, প্রকৌশলী কানন পাল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাজনীন সরওয়ার, সাংবাদিক আহসান সুমন প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দীন বলেন, একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজারবাসীর দীর্ঘদিনে দাবি। এমন দাবির পরিপ্রেক্ষিতে সরকার কক্সবাজার পর্যটন গলফ মাঠে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিলেও তা অস্থায়ী ভিত্তিতে করা হচ্ছে। কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্ত কক্সবাজারবাসী কখনোই মেনে নেবে না। আর কক্সবাজারে যদি ক্রিকেট স্টেডিয়াম হয়েই থাকে তবে তা হতে হবে স্থায়ী এবং পরিপূর্ণ।