স্থায়ী ঠিকানা পেল রশিদের পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী ঠিকানা খুঁজে পেল আলোর দিশারি আবদুর রশিদের পাঠশালা। পাকা দেয়ালের ওপর টিনের ছাউনির তিনটি কক্ষে তিনি এখন পড়াবেন এলাকার দরিদ্র শিশুদের। কিউএ গ্রুপের সহায়তায় সাহাপাড়ায় নির্মিত এ পাঠশালাটি গতকাল বৃহস্পতিবার রশিদ মাস্টারের পাঠশালা নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 
আবদুর রশিদ জানান, প্রায় চার লাখ টাকা ব্যয়ে পাকা দেয়ালের ওপর টিনের ছাউনির তিনটি কক্ষ, দুটি টয়লেট ও দরজা-জানালাহীন বাড়িতে চারটি দরজা ও পাঁচটি জানালা লাগানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ১০৯ সেট পোশাকও তৈরি করা হয়েছে। কিউএ গ্রুপের সহযোগিতায় গত ডিসেম্বর মাস থেকে প্রতি মাসে তিনি পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতা পাচ্ছেন।
‘আলোর দিশারি আবদুর রশিদ’ শিরোনামে প্রথম আলোর প্রথম পাতায় গত বছরের ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের তারাপুর সাহাপাড়ার পল্লি চিকিৎসক আবদুর রশিদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি কিউএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী যাইনুল আবেদীনের নজরে পড়ে।
আবদুর রশিদ বলেন, নতুন পোশাক পেয়ে ও নতুন ঘরে বসে পড়তে পেরে দরিদ্র শিশুদের আজ খুশির সীমা নেই। এ জন্য তিনি যাইনুল আবেদীন ও পাঠশালার ঘর নির্মাণের কাজ তত্ত্বাবধান করার জন্য নিয়োজিত কিউএ গ্রুপের চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।
পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিবেদিতপ্রাণ আবদুর রশিদ এলাকার গর্ব। একজন দরিদ্র ব্যক্তি হয়েও তিনি দীর্ঘ তিন দশক থেকে বিনা মূল্যে ঝরে পড়া ও দরিদ্র শিশুদের পড়ালেখা করিয়ে যাচ্ছেন।
তারাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কিউএ গ্রুপের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, পরিবেশক ইউসুফ আলী প্রমুখ।