স্থায়ী নিয়োগ পাওয়ার দাবিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। গত মঙ্গলবার বিকেল থেকে বোর্ড ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে তাঁরা ওই কর্মসূচি পালন করছেন।
গত বুধবার শহরের বালুবাড়ী এলাকায় শিক্ষা বোর্ডের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের বিভিন্ন কক্ষে তালা মেরে বাইরে বিক্ষোভ করছেন কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, উচ্চতর আদালতের আদেশ অমান্য করে বোর্ড কর্তৃপক্ষ ৮৪ জন কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ দিতে নানা টালবাহানা করছে।
বোর্ড সূত্রে জানা গেছে, উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আদালত গত ৩ মার্চ সময় বিবেচনা করে দিন-হাজিরা হিসেবে কর্মরত কর্মচারীদের চাকরিতে স্থায়ী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। গত ১৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ও চাকরিতে নিয়োগ পাওয়ার সময় যেসব কর্মচারীর সব যোগ্যতা ছিল, তাঁদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দেয়। আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষ ২৮ এপ্রিল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পরীক্ষা নেওয়ার জন্য চেয়ারম্যানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে।
কর্মচারীরা অভিযোগ করেন, ৬ ও ৭ জুন ওই কমিটি ৮৪ জন কর্মচারীর লিখিত ও মৌখিক পরীক্ষা নেয় এবং নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু এর পরও বোর্ডের চেয়ারম্যান তাঁদের স্থায়ী নিয়োগপত্র দিতে টালবাহানা করছেন।
বোর্ডের সচিব আবদুল মজিদ জানান, বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার সময় দিন-হাজিরার ভিত্তিতে মোট ১০৮ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চাকরিতে যোগদানের বয়স বেশি থাকায় ২৪ জন কর্মচারীকে নিয়োগ দিতে বোর্ড রাজি নয়। এ কারণে ওই ২৪ জন ৫ মে বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতে আদালত অবমাননার অভিযোগ দেন। ১৬ জুন উচ্চ আদালত থেকে বোর্ডে একটি আদেশ পাঠানো হয়। ওই আদেশে আইনের মধ্যে থেকে ওই ২৪ জনের বয়সসীমা পরিমার্জন করার বিষয়টি বিবেচনা করতে বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া জানান, বয়স বেশি হওয়ায় ২৪ জন কর্মচারীর নিয়োগ-প্রক্রিয়ার তালিকা থেকে বাদ রাখা হয়েছিল। পরে তাঁদের দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চতর আদালত বিষয়টি বিবেচনা করতে বলেছেন। আদালতের আদেশের প্রতি সমঞ্চান জানাতে মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।