স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুর পোড়া বস্তির বাসিন্দারা দাবি করেছেন, পুনর্বাসন ছাড়াই বস্তি উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসনে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। স্থায়ী পুনর্বাসনের দাবিতে গতকাল শনিবার কয়েক শ বস্তিবাসী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে গড়ে ওঠা কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির কথা রয়েছে। স্থগিতাদেশ পেলেই বস্তি উচ্ছেদ করে দেওয়া হবে বলে বস্তিবাসীর ধারণা।
গতকাল নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থা (এনডিবাস), নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থা (এনবাস), বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটি, বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৯ সালে ষড়যন্ত্র করে এই কল্যাণপুর পোড়া বস্তিতে আগুন লাগিয়ে শিশু-বৃদ্ধসহ নয়জন মানুষকে হত্যা করা হয়েছিল। সেই বিপদের সময় বর্তমান প্রধানমন্ত্রী বস্তিতে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনারা এখানেই থাকবেন। এখন আপনি ক্ষমতায়, অথচ আমাদের পুনর্বাসন ছাড়া জোর করে উচ্ছেদ করা হচ্ছে।