স্থায়ী পে-কমিশনের প্রজ্ঞাপন অক্টোবরে
আগামী অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে দেশে প্রথমবারের মতো স্থায়ী পে-কমিশন হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসে পে-কমিশন গঠনের প্রজ্ঞাপন হবে। বর্তমানে এর কার্যপরিধি নিয়ে কাজ চলছে। আর মহার্ঘ ভাতা দেওয়ার কথা যা বলা হয়েছিল, তাও দেওয়া হবে।’ সচিবালয়ে গতকাল বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহাসচিব এম এ হালিমসহ অন্য গ্রাম পুলিশেরা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রাম পুলিশেরা তাঁদের ভাতা বাড়ানো, অবসরের পর ভাতা চালু করা, রেশন চালু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যক্তিগত কাজ করে দেওয়া থেকে নিষ্কৃতি চান অর্থমন্ত্রীর কাছে। লিখিত বক্তব্যে তাঁরা জানান, ইউনিয়ন পরিষদ কর্মচারী বিধিমালা ২০১১ অনুযায়ী গ্রাম পুলিশেরা চতুর্থ শ্রেণীর কর্মচারী। কিন্তু বাস্তবে এর স্বীকৃতি নেই। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগে বহুবার আবেদন করেও কিছু হয়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী একটি আধা সরকারি পত্র দিয়েছিলেন অর্থমন্ত্রীকে। চলতি অর্থবছরের বাজেটের আগে অর্থমন্ত্রী সিলেটে গিয়ে প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন কিছু একটা করবেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রাম পুলিশের মধ্যে দফাদার ও মহল্লাদার, এ দুটি অংশ রয়েছে। বর্তমানে দফাদার দুই হাজার ১০০ টাকা এবং মহল্লাদার এক হাজার ৯০০ টাকা ভাতা পান। দফাদারের জন্য আপাতত চার হাজার এবং মহল্লাদারের জন্য তিন হাজার ৫০০ টাকা দাবি তাঁদের। ইউএনও ও চেয়ারম্যানরা বাজার করা থেকে শুরু করে বাড়ি পাহারা দেওয়ার কাজে লাগান গ্রাম পুলিশদের। দেশে বর্তমানে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ রয়েছেন, যার মধ্যে প্রায় পাঁচ হাজার রয়েছেন নারী। অর্থমন্ত্রী বলেন, অবসরের পর কিছু না পাওয়াটা অন্যায়। আর, রেশনের দাবিটিও যৌক্তিক। যদিও রেশন সরবরাহ করাটা কষ্টকর ব্যাপার। তিনি বলেন, সরকারের মেয়াদ বড়জোর ২৪ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে কিছু করা মুশকিল। তাই কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না তিনি।