স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলছে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন পর গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সাক্ষাতে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য আবারও সংলাপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বেলা সাড়ে ১১টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করেন মজীনা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো পক্ষের সহিংসতাই গ্রহণযোগ্য নয়।
একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের মধ্যে সংলাপ ও মত প্রকাশের অধিকারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ‘একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায়, এ জন্য আলোচনা করেছি। আমরা এখনো মনে করি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করা দরকার। এখনো কিছু সময় আছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে অর্থবহ নির্বাচনের পথ বের করা হবে।’
বেলা আড়াইটায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন মজীনা। এর আগে বেলা একটায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও মন্ত্রী গতকাল অফিসে আসেননি। উল্লেখ্য, গতকালই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।