স্থায়ী হলেন দশ বিচারপতি, কাল শপথ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১০ জন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেন।
আজ রোববার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শপথ নেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতিরা হলেন এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের, মো. মজিবুর রহমান মিয়া, মোস্তফা জামান ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, এ কে এম সাহিদুল হক, সহিদুল করিম, মো. জাহাঙ্গীর হোসেন ও আবু তাহের মো. সাইফুর রহমান।
যোগাযোগ করা হলে আজ সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, কাল (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ১০ বিচারপতিকে শপথ করাবেন।
এর আগে ২০১১ সালের অক্টোবরে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাঁদের হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন।