স্থায়ী কমিটির বৈঠকs: বিএনপির জাতীয় সম্মেলন মার্চে
আগামী মার্চে জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল রোববার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতা-কর্মীদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করার দাবিতে ২৯ জানুয়ারি ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের বলেন। তরিকুল জানান, বৈঠকে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণ নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, ‘এ ভাষণ রাষ্ট্রপতির নয়, সরকারি দলের ভাষণ। রাষ্ট্রপতি দলীয় নেতার মতো ভাষণ দিয়েছেন, এটা শোভন হয়নি।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে এ বৈঠকে দলের স্থায়ী কমিটির ১৪ জন সদস্য অংশ নেন। আজ খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক হবে। এ বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।