স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি পর্যাপ্ত জায়গাসহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং আলোকিত মানুষ গড়ে তুলতে উচ্চশিক্ষার যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ৪৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান এবং ভালো ফলের জন্য চারজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।রাষ্ট্রপতি বলেন, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন গতিতে এগিয়ে চলাই শিক্ষার ধর্ম। বদলে যাওয়া সময়েরই চাহিদা। সেই চাহিদা পূরণে সবার নিরলস প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, ‘যদি আমরা তা করতে ব্যর্থ হই, তাহলে আমরা পিছিয়ে পড়ব। সেই পিছিয়ে পড়া হবে সময় থেকে, সভ্যতা থেকে, বিশ্বসমাজ থেকে।’রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পাঠ্যক্রমকে যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে উপযোগী করতে না পারি, কিংবা আমাদের চিন্তা-চেতনা সেকেলে থাকে, তাহলে আমরা পিছিয়ে পড়ব, পিছিয়ে পড়বে পুরো জাতি।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হতে হবে আন্তর্জাতিক পর্যায়ের, যেখানে নিরলস জ্ঞানচর্চা ও নিত্যনতুন বহুমুখী মৌলিক ও প্রায়োগিক গবেষণার ভেতর দিয়ে জ্ঞানের নবদিগন্তের ক্রম সম্প্রসারণ ঘটবে।জিল্লুর রহমান বলেন, সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় দুই দশক আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। দেখা যাচ্ছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় যথেষ্ট ভালোমানের শিক্ষা দিচ্ছে, আবার অনেকগুলো আজও কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারেনি। স্থায়ী অবকাঠামো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে বড় বাধা। কেউ কেউ নিজস্ব প্রচেষ্টায় স্থায়ী ক্যাম্পাস করতে পেরেছে, তবে অধিকাংশই রয়ে গেছে ভাড়া বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা প্রদান করতে পারছে না।রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের আহ্বান জানিয়ে বলেন, মনে রাখতে হবে, ইট-পাথরের রুদ্ধ ঘরে কোনোভাবে সিলেবাস শেষ হলেও মানের প্রসার ঘটবে না, বরং তাতে উচ্চশিক্ষার মান হবে নিম্নমুখী। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোসলেউদ্দিন আহমাদ। তাছাড়া অনুষ্ঠানে ইউআইইউর ভিসি এম রিজওয়ান খান বক্তব্য দেন।