স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষ এ এইচ এম মাহবুব মাওলার সঙ্গে দেখা করে দাবির কথা জানিয়েছেন।
গতকাল বেলা ১১টার দিকে শহরের দড়াটানা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোর মেডিকেল কলেজের অন্তত ৩০০ শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচি চলাকালে মানববন্ধন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুল ইসলাম বলেন, ‘জেলা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের পাঁচটি ব্যাচের পাঠদান চলছে। এখানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। গ্রন্থাগারে বসার তেমন জায়গা নেই। মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আমাদের ক্লাস পূর্ণাঙ্গ হচ্ছে না। এ কারণে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য আন্দোলন করছি।’
অধ্যক্ষ এ এইচ এম মাহবুব মাওলা বলেন, শহরের শংকরপুর এলাকায় ৪০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মেডিকেল কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে একাডেমিক ভবনের কাজ শেষ হয়েছে। এখনই সেখানে পাঠদান করা যাবে। কিন্তু মূল সড়ক থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য ২২ ফুট রাস্তা পাকা করার কাজ এখনো শুরু হয়নি। ওই সড়কটি না হওয়ায় ক্যাম্পাসে যাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি, অচিরেই স্থায়ী ক্যাম্পাসে যেতে পারব।