স্থায়ী ক্যাম্পাসে যেতে গরজ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব বা স্থায়ী ক্যাম্পাসে যেতে চতুর্থ দফায় দেওয়া সময় শেষ হচ্ছে এ মাসেই। কিন্তু পুরোনো ৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৯টিই এখনো সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে যায়নি। এদের কোনোটি আংশিক গেছে। ১০টি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম চালাচ্ছে। ২টি স্থায়ী ক্যাম্পাস করে কার্যক্রম চালালেও ঢাকায়ও ক্যাম্পাস চালু রেখেছে।

আইন অনুযায়ী, প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। কিন্তু পুরোনোগুলোর বয়স এক যুগের বেশি, কোনোটির বয়স দুই দশক।

অনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলো ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থিত। উদ্যোক্তারা মনে করেন, শহর থেকে বাইরে গেলে শিক্ষার্থী সংকট হবে। এ জন্য কৌশলে অস্থায়ী ক্যাম্পাসেই কার্যক্রম চালাচ্ছেন। আইন ভঙ্গ করে চললেও ‘নানা কারণে’ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না মন্ত্রণালয়।

নতুন-পুরোনো মিলিয়ে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এক একর ও অন্য এলাকায় দুই একর জমি থাকতে হবে। ২০১০ সালে আইন হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেঁধে দেয় সরকার। চতুর্থ দফায় জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ১৭ জানুয়ারি প্রথম আলোকে বলেন, নিজস্ব ক্যাম্পাসের তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ই করণীয় ঠিক করবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, চাপ দেওয়ার কারণেই কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে গেছে, অনেকগুলো উদ্যোগ নিয়েছে। যারা একেবারেই যেতে চায় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা সত্যিকার উদ্যোগ নিয়েছে, তাদের বিষয়ে সেভাবেই চিন্তা করা হবে।

নির্মাণাধীন ক্যাম্পাসে ১১টির আংশিক কার্যক্রম

নিজজমিতে নির্মাণাধীন ক্যাম্পাসে আংশিক কার্যক্রম চালাচ্ছে ১১টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ খিলক্ষেতের জোয়ার সাহারায়, বনানীতে চলা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাড্ডায়, ধানমন্ডিতে চলা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস রামচন্দ্রপুরে ও উত্তরা ইউনিভার্সিটি তুরাগ এলাকায় আংশিক কার্যক্রম চালাচ্ছে। নর্দান ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাসের পাশাপাশি কারওয়ান বাজার ও বনানীতে কার্যক্রম চালাচ্ছে।

 এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে সব বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানালেও উত্তরা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রয়েল ইউনিভার্সিটি কিশোরগঞ্জে নির্মিত ভবনে শিক্ষা কার্যক্রম চালালেও ঢাকায় শিক্ষা কার্যক্রম চলছে। নিজস্ব ক্যাম্পাসে আংশিক কার্যক্রম চালানোর তালিকায় আরও আছে বাংলাদেশ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অব সায়েন্সেস।

৯টির ক্যাম্পাস নির্মাণাধীন

নয়টি বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পরিমাণ জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করছে। এর মধ্যে গ্রিন ইউনিভার্সিটি পূর্বাচলে ও দ্য পিপলস ইউনিভার্সিটি নরসিংদীর শিবপুরে নির্মাণকাজ করছে। বাকিগুলো হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেলটা ইউনিভার্সিটি ও আশা ইউনিভার্সিটি।

কাজ শুরু করেনি ৭টি

সাতটি বিশ্ববিদ্যালয়ের জমি কিনলেও নির্মাণকাজ শুরু করেনি। এগুলো হলো স্টেট ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।

স্থায়ী ক্যাম্পাসে ১০টি

নির্ধারিত জমিতে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস করে সম্পূর্ণভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং গণ বিশ্ববিদ্যালয়।

অন্যান্য শ্রেণিতে থাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের নামে জমি থাকার কথা থাকলেও সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ফাউন্ডেশনের নামে কেনা জমিতে কার্যক্রম চালাচ্ছে। প্রাইম ইউনিভার্সিটিসহ তিনটি কম জমিতে চলছে। ব্র্যাক ইউনিভার্সিটির সাভারের বিরুলিয়ায় ক্যাম্পাস আছে, মেরুল বাড্ডায় নির্মাণ করছে। ইউনিভার্সিটির একজন কর্মকর্তা বলেছেন, মেরুল বাড্ডার ক্যাম্পসটিই হবে মূল ক্যাম্পাস।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সাভারে একটি বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। রাজউক উত্তরা তৃতীয় প্রকল্পেও মূল ক্যাম্পাসের প্ল্যান অনুমোদন করে নির্মাণকাজ শুরু করেছে।

 স্থায়ী সনদ পাওয়া সিটি বিশ্ববিদ্যালয় সাভারের বিরুলিয়ার খাগানে নিজস্ব ক্যাম্পাস করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও রাজধানীর পান্থপথে ‘সিটি ক্যাম্পাসে’ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি রূপনগরে নিজস্ব ক্যাম্পাস করলেও মিরপুর কমার্স কলেজ সড়কেও শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে মোট ৩৯টি প্রোগ্রামের মধ্যে ১৫টি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি শুক্রাবাদ ও উত্তরায় একাধিক ভবনেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আইনানুযায়ী জমিই কেনেনি।

চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইবাইস ইউনিভার্সিটি মালিকানায় দ্বন্দ্ব ও পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে।