স্থায়ী ক্যাম্পাসে যেতে যশোর মেডিকেলে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে দড়াটানা মোড়ে এক ঘণ্টার এ কর্মসূচিতে কলেজের অন্তত ৩০০ শিক্ষার্থী অংশ নেন। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা জানান।

মানববন্ধন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও পঞ্চম বর্ষের শিক্ষার্থী মাসুদুল ইসলাম বলেন, ‘যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের পাঁচটি ব্যাচের পাঠদান চলছে। সেখানে শ্রেণি কক্ষ সংকট ও গ্রন্থাগারে বসার তেমন জায়গা নেই। ক্যাম্পাসের আড্ডা বলতে আমাদের কিছুই নেই। মেডিকেলের শিক্ষার্থী হিসেবে আমাদের পাঠ গ্রহণ পূর্ণাঙ্গ হচ্ছে না। যে কারণে কলেজের প্রাণের ক্যাম্পাসে যাওয়ার জন্য আমরা আন্দোলন করছি।’

এ বিষয়ে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এএইচএম মাহবুব মাওলা প্রথম আলোকে বলেন, ‘শহরের শংকরপুর এলাকায় ৪০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মেডিকেল কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে একাডেমিক ভবনের কাজ শেষ হয়েছে। এখনই সেখানে পাঠদান করা যাবে। কিন্তু মূল সড়ক থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য ২২ ফুট কাচা রাস্তার নির্মাণকাজ এখনো শুরু হয়নি। সড়কটি না হওয়ায় ক্যাম্পাসে যাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে ইতিমধ্যে সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি, অচিরেই আমরা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারব।’