এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার আনন্দঘন পরিবেশে মন্ত্রী এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্যোক্তারা জানান, ঢাকার উত্তরাসংলগ্ন আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের কাছে ১৫ একর জায়গায় এ ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী স্থায়ী ক্যাম্পাস চালুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে।
নুরুল ইসলাম নাহিদ উচ্চশিক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, মুনাফালোভী কিছু উদ্যোক্তার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে সমালোচনা হচ্ছে। গুণগত শিক্ষা ছাড়া তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হাসান মুহাম্মদ সাদেক বক্তৃতা করেন।