স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে ৩৮টি দল, দেয়নি ফ্রিডম পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল নির্বাচন কমিশনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিনেও গতকাল রোববার অপর দল ফ্রিডম পার্টি গঠনতন্ত্র জমা দেয়নি। ফলে আইন অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। গঠনতন্ত্র জমা দেওয়া দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গঠনতন্ত্রের সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) আইনের সামঞ্জস্য থাকায় এই দলের নিবন্ধন চূড়ান্ত হয়েছে। বাকি দলগুলোর গঠনতন্ত্র যাচাই-বাছাই চলছে। নির্বাচন কমিশন জানায়, স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়া চারটি দলকে গঠনতন্ত্রের কিছু অংশ সংশোধনের জন্য কমিশন চিঠি দিয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ সংশোধন করে গঠনতন্ত্র কমিশনে জমা দিয়েছে। এ ছাড়া ১২টি রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানপরিপন্থী হওয়ায় সেগুলো সংশোধনের জন্য শিগগির চিঠি দেওয়া হবে বলে কমিশনের আইন শাখার এক কর্মকর্তা জানান। তিনি জানান, সব ইসলামিক দলের গঠনতন্ত্রের কোনো না কোনো ধারার সঙ্গে সংবিধানের অসামঞ্জস্য রয়েছে। কমিশন সূত্র জানায়, ফ্রিডম পার্টির চেয়ারম্যান সৈয়দ ফারুক রহমানের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত) পক্ষে তাঁর ছেলে সৈয়দ তারেক রহমান চিঠি দিয়ে জানিয়েছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের কাউন্সিলে গঠনতন্ত্র অনুমোদন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, আরপিও অনুযায়ী ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হবে। তবে ফ্রিডম পার্টিসহ যেকোনো দল শর্ত পূরণসাপেক্ষে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। গতকাল দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কমিশনে স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বছরের ২৫ জুলাই এবং বিএনপি ২১ জানুয়ারি স্থায়ী গঠনতন্ত্র জমা দেয়। বিএনপিসহ কয়েকটি দলের দাবির কারণে সরকার আরপিও সংশোধন করে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময় ছয় মাস বাড়িয়ে ২৪ জানুয়ারি নির্ধারণ করে। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩৯টি রাজনৈতিক দল খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধন নেয়। ডিসিসি নির্বাচনের প্রস্তুতি চলছে: এম সাখাওয়াত হোসেন গতকাল সাংবাদিকদের জানান, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ওই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বিডিআরকে না রাখার কথা ভাবা হচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসিসি নির্বাচনকে একটি মডেল নির্বাচন হিসেবে দেখতে চায় কমিশন। এ জন্য প্রশাসনিক, বিচারিক ম্যাজিস্ট্রেট ছাড়াও কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দল থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভিডিও ক্যামেরা স্থাপন করা হবে। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য খসড়া নির্বাচন বিধিমালা, আচরণ বিধিমালা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এখন তা আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।