স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেয়েছেন। আজ বুধবার খালেদা জিয়ার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এতে ওই মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান জানিয়েছেন, খালেদা জিয়ার জামিন বহাল থাকছে। এর অপব্যবহার হলে বিচারিক আদালতের জামিন বাতিল করার স্বাধীনতা থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

খুরশীদ আলম খান জানান, ২০০৮ সালে ওই মামলার অন্তর্বর্তীকালীন জামিনসহ রুল হয়। পরে জামিনের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত ওই রায় দিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালে রমনা থানায় এ মামলা করে দুদক।