স্থায়ী জামিন পেলেন প্রবীর সিকদার
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে স্থায়ী জামিন দিয়েছেন সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল। গতকাল বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে গতকাল এ মামলার প্রথম নির্ধারিত তারিখে জামিনের আবেদন জানান প্রবীর সিকদারের পক্ষে মামলা পরিচালনাকারী আইন ও সালিশ কেন্দ্রের দুই আইনজীবী আবদুর রশিদ ও মিজানুর রহমান।
আইনজীবী আবদুর রশিদ বলেন, মামলাটির বিচারকাজ ফরিদপুর আদালতে চলাকালীন আদালত প্রবীর সিকদারকে জমিন দেন। পরবর্তী সময়ে আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন। এ কারণে এ মামলায় প্রবীর সিকদারকে জামিন দেওয়ার জন্য আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল প্রবীর সিকদারকে স্থায়ী জামিন দিয়েছেন। আগামী ২৯ জুন আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওই দিন প্রবীর সিকদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রের ওপর শুনানি হওয়ার কথা।
জামিন পেয়ে সন্তোষ প্রকাশ করে প্রবীর সিকদার প্রথম আলোকে বলেন, ‘আইনি লড়াই করে প্রমাণ করব মামলাটি ভিত্তিহীন।’
গত বছরের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। মামলাটি করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, প্রবীর সিকদার গত ১০ আগস্ট তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যার শিরোনাম ছিল ‘আমার জীবনের শঙ্কা তথা মৃত্যুর জন্য যাঁরা দায়ী থাকবেন’। শিরোনামের নিচে তাঁর মৃত্যুর জন্য যাঁরা দায়ী থাকবেন—এমন তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেন। তাঁদের মধ্যে ১ নম্বরে আছেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম। স্ট্যাটাসটি পড়ে বাদীর দৃঢ় বিশ্বাস হয়েছে, প্রবীর সিকদার ইচ্ছাকৃতভাবে মোশাররফ হোসেন সম্পর্কে অসত্য লেখা লিখে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।