স্থায়ী ঠিকানা পেল ২৯টি আদিবাসী পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমারক গ্রামের ২৯টি ভূমিহীন আদিবাসী পরিবারের ভাগ্যে স্থায়ী ঠিকানা জুটেছে। গতকাল বুধবার সদর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এই পরিবারগুলোর হাতে ১ দশমিক ৩ একর খাস জমির কবুলিয়ত দলিল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ দলিল তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রলেখা নাজনিন, আদিবাসী নেতা বঙ্গপাল সরদার, কর্নেলিউস মুরমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিলাব্রত বর্মণ। বিভাগীয় কমিশনার বলেন, ভূমিহীন আদিবাসী পরিবারগুলোর মধ্যে খাসজমির বন্দোবস্ত দলিল হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।
খাসজমি পাওয়ার পর আনন্দিত আমারকবাসীদের একটি সাংস্কৃতিক দল নেচেগেয়ে ফুলের মালা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের অভিনন্দন জানায়। পরে গ্রামের হীরেন্দ্রনাথ ঘাটোয়াল বলেন, ‘বাপ-দাদার আমল থেকে আমরা এখানে বসবাস করছি। অথচ জমির মালিকানা আমাদের ছিল না। জমির মালিকানা পেয়ে আমরা গ্রামবাসী যে কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’
আমারক গ্রামের এই ২৯টি পরিবার যুগ যুগ ধরেই ওই খাস জমিতে বসবাস করে আসছিল। অথচ স্থানীয় এক প্রভাবশালী ওই জমি নিজের বলে দাবি করে তাদের কাছ থেকে খাজনা আদায় করে আসছিলেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার শিলাব্রত বর্মণের নজরে এলে এই ভূমিহীন পরিবারগুলোর মাঝে খাসজমি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।