
৮৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্র। কয়েক দফা স্থান পরিবর্তনের পর কেন্দ্রটির স্থান হয়েছে একটি সরকারি পরিত্যক্ত ভবনে। সেখানে ঝুঁকি নিয়ে চলছে উপস্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপস্বাস্থ্যকেন্দ্রে পানি সরবরাহের ব্যবস্থা নেই। নেই বিদ্যুৎ। কেন্দ্রের দরজা-জানালা ভাঙা। দেয়ালে শেওলা পড়েছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। এ অবস্থায় একটি পরিত্যক্ত ভবনের নিচতলার একটি কক্ষে বসে রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল হাসান। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে মেঝেতে পানি পড়ে।
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব কোনো জমি নেই। বর্তমানে যে ভবনের নিচতলায় বসে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেটি সোনাগাজী উপজেলা পরিষদের কর্মকর্তাদের বাসভবন ছিল। ২০ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে সেখানে কাজ চালানো হচ্ছে। কেন্দ্রে কোনো শৌচাগারও নেই।
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, সোনাগাজীর মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রটি ১৯৩১ সালে স্থাপিত হয়। সে সময় মতিগঞ্জ বাজারের পাশে তৎকালীন ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্টের দেওয়া একটি ব্যক্তিমালিকানাধীন ঘরে স্বাস্থ্যসেবা দেওয়া শুরু হয়। পরে কেন্দ্রটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের একটি কক্ষে স্থানান্তর করা হয়। ইউপি কার্যালয়ে কয়েক বছর থাকার পর উপস্বাস্থ্যকেন্দ্রটি মতিগঞ্জ আর এম কে উচ্চবিদ্যালয়ের পাশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে স্থানান্তর করা হয়। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি একপর্যায়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তারপর ১৯৯৫ সাল থেকে এই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে উপস্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলছে।

মতিগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবু আহম্মদ ও পাশের সৈয়দপুর গ্রামের আবুল কাশেম বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রটি এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবার একমাত্র আশ্রয়স্থল। অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের লোকজন উপজেলা সদর, জেলা সদর বা বেসরকারি হাসপাতালে চলে যান।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ভবনটি এতই জরাজীর্ণ যে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা আছে। বিষয়টি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। তিনি বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রটির জন্য একই এলাকায় একই মন্ত্রণালয়ের অধীন পরিবার কল্যাণকেন্দ্রের একটি কক্ষ চাওয়া হলেও পাওয়া যায়নি।
সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর বলেন, বিষয়টি মন্ত্রণালয় ও অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
জনবল-সংকট: উপস্বাস্থ্যকেন্দ্রে চারটি পদের মধ্যে বর্তমানে কেবল একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন। এতে রোগী দেখাসহ সব কাজ তাঁকে একা করতে হয়।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল হাসান জানান, মতিগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ আছে। পাঁচ মাস আগে একমাত্র চিকিৎসা কর্মকর্তা বদলি হয়ে গেছেন। ফার্মাসিস্ট ও এমএলএসএসের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগী কেন্দ্র থেকে চিকিৎসাসেবা নেন।