স্থায়ী নিয়োগ না পাওয়া দুই বিচারকের আবেদনের শুনানি হবে একসঙ্গে
হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ না পাওয়া সাবেক দুই অতিরিক্ত বিচারকের করা আবেদনের ওপর সর্বোচ্চ আদালতে একসঙ্গে শুনানি হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেন। স্থায়ী নিয়োগ পেতে করা রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ফরিদ আহমদ শিবলীর করা লিভ টু আপিল গতকাল শুনানির জন্য উঠলে এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং শিবলীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, সাবেক বিচারক এ বি এম আলতাফ হোসেনের করা আপিল শুনানির জন্য আপিল বিভাগে রয়েছে। এই মামলার সঙ্গে বিচারক শিবলীর লিভ টু আপিলের শুনানি হবে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। এখন আলতাফ হোসেনের আপিল যেদিন কার্যতালিকায় আসবে, সেদিন দুই আবেদনের ওপর শুনানি হবে।
হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য ফরিদ আহমদ শিবলীসহ ১০ জন ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি নিয়োগ পান। এরপর স্থায়ী বিচারপতি হিসেবে আট বিচারপতির নিয়োগের প্রজ্ঞাপন ৭ ফেব্রুয়ারি জারি করে আইন মন্ত্রণালয়, বাদ পড়েন জে এন দেব চৌধুরী (প্রজ্ঞাপনের আগে মারা যান) ও শিবলী। এর বৈধতা চ্যালেঞ্জ করে স্থায়ী নিয়োগ পেতে শিবলী হাইকোর্টে রিট করেন, ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট পর্যবেক্ষণসহ তা নিষ্পত্তি করে দেন। এই রায়ের বিরুদ্ধে শিবলী লিভ টু আপিল করেন, যা রোববার কার্যতালিকায় ছিল।
এর আগে ২০১২ সালের ১৪ জুন আলতাফ হোসেনসহ ছয়জন দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১৪ সালের ৯ জুন তাঁদের মধ্যে পাঁচজনকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন এ বি এম আলতাফ হোসেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে স্থায়ী নিয়োগের নির্দেশনা চেয়ে আইনজীবী ইদ্রিসুর রহমান ও আলতাফ হোসেন হাইকোর্টে পৃথক রিট করেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে দুটি রিট খারিজ হয়। এ রায়ের বিরুদ্ধে আলতাফ হোসেন আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। ২০১৪ সালের ৬ নভেম্বর শুনানি নিয়ে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এরপর তিনি নিয়মিত আপিল করেন। এটি এখন শুনানির অপেক্ষায়।