স্থায়ী নিয়োগের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার খনির প্রধান ফটকের সামনের রাস্তায় তাঁরা ওই বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, অর্থ সম্পাদক মোরসালিন রহমান, শ্রমিকনেতা ওয়াজেদ আলী, শফিকুল ইসলাম প্রমুখ।
রবিউল ইসলাম বলেন, দীর্ঘ ১২ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে এক হাজারেরও বেশি শ্রমিক কয়লাখনিতে কাজ করছেন। অথচ তাঁদের বেতন দেওয়া হয় দিনে মাত্র ২৯৭ টাকা। খনিতে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়ে পঙ্গু হয়েছেন। কয়লার চাপায় মারা গেছেন খনিশ্রমিক রঞ্জিত কুমার। কিন্তু তাঁদের পরিবারের সদস্যদের উপযুক্ত পুনর্বাসন করা হয়নি। চুক্তি অনুযায়ী খনি কর্তৃপক্ষ রেশন ও লভ্যাংশ (প্রফিট বোনাস) বৃদ্ধি করছে না। কয়লার ময়লার কারণে কোনো শ্রমিক মাসে ১৫ থেকে ২০ দিনের বেশি কাজ করতে পারেন না। নিশ্চিত করা হয়নি শ্রমিকদের চিকিৎসাসেবা ও ঝুঁকি ভাতার ব্যবস্থা। এ ছাড়া খনি কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরি স্থায়ী করতে কোনো ব্যবস্থা নিচ্ছে না।