পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। ব্যয়বহুল এবং দিন দিন বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধির কারণে ওই সিদ্ধান্ত আপাতত বাদ দেওয়া হয়।
২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসের পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছিল।
জানা গেছে, ২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে ১২৭ জন মারা যান। এরপর পাহাড় ব্যবস্থাপনা কমিটি নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের চিহ্নিতকরণ ও তাঁদের পুনর্বাসনসংক্রান্ত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের মধ্যে অন্যতম ছিল ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসন। ওই সময় ১২টি পাহাড়ে ছয় শতাধিক ঘরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী কালুরঘাট ও জানালীহাটে দুটি জায়গাও দেখা হয়েছিল। সেখানে বহুতল ভবনে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালিও হয়। এরপর তা আর এগোয়নি। পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে বিভিন্ন সময় এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।
সর্বশেষ গত মে মাসে ব্যবস্থাপনা কমিটির ১২তম সভায় স্থায়ী পুনর্বাসনের বিপক্ষে মতামত দেন বিভিন্ন সদস্য। সভায় মত ব্যক্ত করে বিভিন্ন সদস্য বলেন, আজ একবার স্থায়ী করা হলে কাল দেখা যাবে আরেক দল অন্য কোথাও গিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস শুরু করেছে। আর যেভাবে বছর বছর ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে, সেখানে কয়জনকে স্থায়ী পুনর্বাসন করে সুফল পাওয়া যাবে না।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেন, ‘স্থায়ী পুনর্বাসন একটি ব্যয়সাধ্য কাজ। এ ছাড়া যদি আজ কিছু লোককে পাহাড় থেকে নিয়ে কোনো ভবনে রাখা হয়, তাহলে কাল দেখা যাবে আরও বেশ কিছু মানুষ গিয়ে পাহাড়ে উঠবে। তারা বলবে, বাহ্! দারুণ তো, পাহাড়ে থাকলে বিল্ডিংয়ে যাওয়া যাবে। তাই সিদ্ধান্তটা আপাতত বাদ। এখন কেবল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।’
১২তম সভার পর এস এম আবদুল কাদেরের নেতৃত্বে একটি দল পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি করে। তাদের তালিকা অনুযায়ী বর্তমানে ৬২৫টি পরিবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। বৃষ্টি হলেই অগ্রাধিকার ভিত্তিতে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া আরও অনেকে অপেক্ষাকৃত কম ঝুঁকিতে বসবাস করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘স্থায়ী পুনর্বাসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ওটি ব্যয়বহুল ব্যাপার। বিষয়টি নিয়ে আরও আলাপ-আলোচনা করা হবে। আমরা গত সভায় দুর্যোগের সময় তাঁদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
আজ রোববার পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।