স্থায়ী রাজনৈতিক সমাধানের তাগিদ কূটনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ফ্রাঙ্কোফোনি উত্সবের আগে আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকটি দেশের কূটনীতিকেরা। ছবি: সাহাদাত পারভেজ
ঢাকায় ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ফ্রাঙ্কোফোনি উত্সবের আগে আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকটি দেশের কূটনীতিকেরা। ছবি: সাহাদাত পারভেজ

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা দূর করতে স্থায়ী সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন কানাডাসহ বেশ কয়েকটি দেশের হাইকমিশনাররা। আগামী দিনে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনের উপায় বের করতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসারও আহ্বান জানিয়েছেন তাঁরা।
১৩ মার্চ থেকে ঢাকায় ফরাসি ভাষাভাষীদের সাংস্কৃতিক উত্সব ফ্রাঙ্কোফোনি সপ্তাহ শুরু করা উপলক্ষে আজ মঙ্গলবার মিরপুর রোডে ফরাসি দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কূটনীতিকেরা এই আহ্বান জানান। 
সম্মেলনে ফ্রান্স ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা জরুরি বলে মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় অনেক মানুষ প্রাণ হারায়। এমনকি ধর্মীয় সংখ্যালঘুরাও এতে আক্রান্ত হয়। প্রধান রাজনৈতিক দলগুলো সমাধানে পৌঁছাতে পারলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সংসদে অংশগ্রহণ করবে।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মিশেল থ্রংকিয়ে, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত নোয়েন কোয়াং থোক, সুইজারল্যান্ড মিশনের উপপ্রধান ক্যারোলিনা ট্রটেলার, মরক্কোর মিশন উপপ্রধান সাইদ কাশমি এবং কাতারের কূটনীতিক আবদুল্লাহ খলিফা এ  আল-ফাদালা।

১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত এ উত্সব উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০ মার্চ আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সাংস্কৃতিক উত্সব হবে। বাংলাদেশের সাতটি ফ্রাঙ্কোফোনি দেশের দূতাবাস যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, এ উত্সবের মধ্য দিয়ে মানুষ যেমন বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের সন্ধান পায়, তেমনি মানবাধিকার, শিক্ষা, নারী অধিকার বিষয়ে মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়।