সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে স্থায়ী শিক্ষক নিয়োগ, ল্যাবে ইন্টারনেট সংযোগসহ নানা দাবিতে গতকাল সোমবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় কলেজের প্রকল্প পরিচালক ওই ভবনে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। তারা রাস্তায় টায়ারে আগুন দেয় এবং প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকা দাহ করে। জানা গেছে, প্রায় পাঁচ মাস পর সকাল ১০টার দিকে প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন কলেজ পরিদর্শনে আসেন। এ সময় কলেজে স্থায়ী শিক্ষক নিয়োগ, ল্যাবে ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন দাবি নিয়ে কয়েকজন শিক্ষার্থী তাঁর সঙ্গে কথা বলতে যান। তিনি শিক্ষার্থীদের পরে দেখা করতে বলেন। পরে তাঁরা আবার দেখা করতে গেলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষের জানালার কাচ ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা রাস্তায় টায়ারে আগুন দিলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনাস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি প্রকল্প পরিচালকের সঙ্গেও দেখা করেন। দুপুর একটার দিকে পুলিশের উপস্থিতিতে প্রকল্প পরিচালক মে মাসের মধ্যে সব দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রতিষ্ঠার দুই বছর পার হলেও কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। দুটি বিষয়ে (তড়িত্ প্রকৌশল ও রসায়ন) কোনো শিক্ষক না থাকায় চার মাস ধরে কোনো পাঠদান হয়নি। আবার এ বিভাগের ল্যাবে কোনো ইন্টারনেট সংযোগ নেই। কোর্সগুলো ঠিকই শেষ হচ্ছে, কিন্তু আমরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।’ একই বিষয়ের ছাত্র মেহেদী হাসান বলেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করে। এমনকি বিদ্যুত্ বিলের টাকাও শিক্ষার্থীদের পরিশোধ করতে হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম শিক্ষার্থীদের এ অভিযোগ স্বীকার করেছেন। প্রকল্প পরিচালক আনোয়ার বলেন, ‘শিক্ষক নিয়োগের বিধি এখনো পাস হয়নি। ফলে প্রেষণে ও খণ্ডকালীন শিক্ষকদের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। গণিত, পদার্থবিদ্যা ও ব্যবস্থাপনা বিষয়ে শিগগিরই তিনজন প্রভাষক যোগ দেবেন। মে মাসের মধ্যে সব সমস্যার সমাধান হবে।