
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের স্থায়ী সংস্কারের দাবিতে গতকাল রোববার ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেন যানবাহনের মালিক ও চালকেরা। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু হওয়ার প্রতিশ্রুতি পেলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।
গত শনিবার প্রথম আলোয় ‘ঈদের আগে সড়ক সংস্কারের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন সংস্কারকাজ করার নির্দেশ দেন। কিন্তু সড়কে অস্থায়ীভাবে কাজ করা হলে যানবাহন চলাচল আরও কষ্টকর হয়। ফলে যানবাহনের চালকেরা অসন্তোষ প্রকাশ করেন।
তাই স্থায়ী সংস্কারের দাবিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ গতকাল সকাল ১০টায় পেন্নাই-মতলব-বাবুরহাট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন। এরপর তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বাস মালিক সমিতির নেতারা বলেন, এ সড়কে বাস চালিয়ে মালিকদের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এ সমস্যা তিন বছর ধরে চলছে। কিন্তু কোনো সমাধান হয়নি। স্থায়ী সমাধানের জন্য অন্য বাস-মালিকদের সঙ্গে আলোচনা করে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাউদকান্দির সাড়ে ১৬ কিলোমিটার অংশে সড়কে বিদ্যুতের খুঁটি, গাছ ও ইট ফেলে একযোগে সড়ক অবরোধ করা হয়।
খবর পেয়ে কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে যান। তিনি আগামী সাত দিনের মধ্যে সড়কে স্থায়ী সংস্কারকাজ শুরু করার আশ্বাস দেন। এ প্রতিশ্রুতি পেয়ে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ অবরোধ প্রত্যাহার করেন। দুপুর ১২টার পর থেকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সওজের কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান, উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, ঢাকা-মতলব বাস মালিক সমিতির আহ্বায়ক মিজানুর রহমান, জৈনপুরী বাস মালিক সমিতির চেয়ারম্যান নাছির তালুকদার, পরিচালক লিটন মিয়াজী ও সেলিম মজুমদার এবং দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
এদিকে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল না করায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। চান্দিনার ঝলম গ্রামের জয়নবের নেছা (৫০) মেয়ে রাফিয়া খাতুনের স্বামীর বাড়ি দাউদকান্দির নোয়াগাঁও গ্রামে আসেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় রোজা রেখে মালামাল মাথায় নিয়ে চার কিলোমিটার পথ হাঁটেন তিনি।
মতলবের মাসুন্দা গ্রামের আমেনা বেগম তাঁর মেয়ে সীমা (১৪) ও আফরিনকে (৮) নিয়ে ঢাকা থেকে সকাল আটটায় পেন্নাই বাসস্ট্যান্ডে নামেন। তিনি যানবাহন চলাচল বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘রোজা রেখে ৩৩ কিলোমিটার পথ হেঁটে বাড়ি যাওয়া অসম্ভব।’