চট্টগ্রাম বন্দর সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে বন্দর কর্তৃপক্ষ, বার্থ অপারেটর এবং শ্রমিকদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদদৌলা। গতকাল সোমবার নিজ নিজ প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা এবং শ্রমিকদের সঙ্গে তিনি আলাদা বৈঠক করেন।জানা গেছে, বন্দরের কাজ যাতে কোনো অবস্থায় বন্ধ না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন মেজর জেনারেল আসহাব। একই সঙ্গে তিনি বন্দর শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন।বন্দর সূত্র জানায়, জিওসি গতকাল বেলা সাড়ে ১২টার দিকে বন্দরের বোর্ড রুমে প্রথমে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় জিওসির সঙ্গে ছিলেন সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারের কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হালিমসহ অন্যান্য কর্মকর্তা। বৈঠকে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ, সব সদস্য ও পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর সেনা কর্মকর্তারা একই স্থানে আলাদাভাবে বৈঠক করেন বার্থ অপারেটরদের সঙ্গে। এদের সঙ্গেও সেনা কর্মকর্তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।এরপর জিওসিসহ অন্য কর্মকর্তারা বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় গিয়ে ১২ নম্বর জেটিতে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকেরা যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পথে না যায়—সেদিকে সজাগ থাকতে তাঁরা সবাইকে পরামর্শ দেন। শ্রমিকদের উপযুক্ত মজুরি এবং সামাজিক কল্যাণের বিষয়টি দেখা হচ্ছে বলে জিওসি কর্মরত শ্রমিকদের আশ্বাস দেন।জানা গেছে, এসব বৈঠকে জিওসি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্দরে সেনা মোতায়েন করা হয়েছে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী কাজ করছে। প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও শ্রমিকদের আস্থায় আনতে তিনি বার্থ অপারেটরদের পরামর্শ দেন। প্রতিটি বৈঠকে সেনা কর্মকর্তারা বন্দরে বিরাজমান সমস্যা এবং এসব সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পৃথক তিনটি বৈঠকে বন্দরের সার্বিক অবস্থা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে।